ধানমণ্ডিতে নবরূপা, এ আর প্লাজাকে রাজউকের জরিমানা
রাজউকের চলমান পার্কিং উদ্ধার অভিযানে ধানমন্ডির এ আর প্লাজাসহ কয়েকটি ভবনের মালিক এবং নবরূপাসহ কয়েকটি ব্যবসায় প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার ঢাকার তিনটি এলাকায় পৃথক অভিযান চলাকালে গুলশানে একটি ভবন মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং উত্তরায় অর্ধশতাধিক দোকানপাঠ উচ্ছেদ করেছেন রাজউকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
সকালে সোবহানবাগে উচ্ছেদ অভিযান শুরু করেন অথরাইজড অফিসার এজেডএম শাফিউল হান্নান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গাকে ব্যবসায়িক কাজে ব্যবহার করার দায়ে সোবহানবাগে ১৪ নম্বর সড়কে ভিক্টোরিয়া কনভেনশন হলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
পাশের এআর প্লাজার পার্কিংয়ের স্থানে একটি ব্যবসা প্রতিষ্ঠান ও পাঁচটি গুদাম ভেঙে দেওয়া হয়েছে। সেখানে ভবন মালিকের দুই লাখ টাকা এবং ব্যবসায়ীদেরকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বেআইনিভাবে পার্কিংয়ের জায়গা দখল করায়।
১৬ নম্বর সড়কের ২ নম্বর হোল্ডিংয়ে পার্কিং এলাকায় স্থাপিত একটি বেআইনি স্থাপনা ভেঙে দেওয়া হয়।
যথাযথ পার্কিং না থাকা এবং বাণিজ্যিক অনুমোদন না থাকায় নবরূপাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সানরাইজ প্লাজার বেইজমেন্টে দুটি কক্ষ ভেঙে দেওয়া হয়, যা পার্কিং দখল করে নির্মাণ করা হয়েছিল।
বেইসমেন্টের পার্কিংয়ে অনুমোদনবিহীন দখল দায়ে কসমস প্লাজার ৫০ হাজার টাকা জরিমানা এবং স্থাপনাগুলোও ভেঙে দেওয়া হয়েছে। রাপা প্লাজার বেইসমেন্টেও দুটি বেআইনি স্থাপনা ভাঙা হয়েছে বলে জানান শাফিউল।
এছাড়া গুলশান এভিনিউর কাছে ১১ নম্বর সড়কে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস হোমবাউন্ডের ভবনে পার্কিংয়ের জায়গার অপব্যবহার করায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
একই এলাকায় আরেকটি ভবনের নিচ তলায় পার্কিংয়ের জায়গায় সুপার স্টোর ও ফার্নিচার দোকান বসানো হয়েছে। ভবন মালিক দুই দিনের মধ্যে তা সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান আদিলুজ্জামান।
উত্তরায় আমির কমপ্লেক্স, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, কসমো মার্কেট, হোসেন মার্কেট, এসআর টাওয়ার বেইজমেন্ট ও আন্ডারগ্রাউন্ডে গড়ে উঠা অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানান জোন-২ এর অথরাইজড অফিসার মিজানুর রহমান।
