২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাতাদের টাকার দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে শাস্তি: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে দাতাদের সহযোগিতা প্রত্যাশা করে তাদের দেওয়া অর্থের স্বচ্ছ ব্যবহার নিশ্চিতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2016, 08:57 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

এই অর্থের ব্যবহারে দুর্নীতি হলে জড়িতদের বিরুদ্ধে ‘সঙ্গে সঙ্গে’ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার রাজধানীর লেকশোর হোটেলে ‘লঞ্চিং অব গ্লোবাল ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ শীর্ষক এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব বলেন।

বিশ্ব ব্যাংক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের জ্যেষ্ঠ স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরিচালক টিমোথি গ্র্যান্ট ইভান্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি নবরত্ন পারানিথারন, ইউএসএআইডির বাংলাদেশ মিশনের ডেপুটি ডিরেক্টর পল সাবাটিন ও কানাডার হাই কমিশনার বেনওয়া পিয়ের লারামি উপস্থিত ছিলেন।

দাতাদের উদ্দেশে নাসিম বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে এদেশের মানুষ ও আমি আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের দেওয়া প্রতিটি পয়সা শতভাগ স্বচ্ছতার সঙ্গে ব্যয় করা হবে।

“কোনও রকম দুর্নীতিকে প্রশয় দেওয়া হবে না। আপনাদের দেওয়া কোনো অর্থে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে শাস্তি দেওয়া হবে।”

দাতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা বাংলাদেশের গ্রামে গিয়ে দেখুন কী পরিবর্তন হয়েছে। নতুন চ্যালেঞ্জ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আমাদের আরও বেশি অর্থায়নের প্রয়োজন, তার জন্য আমি আপনাদের সহযোগিতা চাই।”

বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, “গত দশকে বাংলাদেশ স্বাস্থ্য খাতে বিশষ করে শিশু মুত্যু ও মাতৃমৃত্যুর হারে ব্যাপক উন্নয়ন করেছে। বিশ্বের সব দেশের মধ্যে অন্যতম কম বরাদ্দ, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম বরাদ্দ নিয়েই এই সফলতা অর্জন করেছি আমরা। আমাদের সবচেয়ে সফলতা আসছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে। এটি শুধু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মস্তিস্ক প্রসূত।”

বিশেষ অতিথির বক্তব্যে ইআরডির অতিরিক্ত সচিব কাজী শফিকুল আজম বলেন, এসডিজির আওতায় বাংলাদেশের নারী ও শিশুর স্বাস্থ্য রক্ষায় বিশ্ব ব্যাংকের ট্রাস্ট ফান্ড থেকে ৩০ কোটি ডলার দেওয়া হচ্ছে। এ বিষয়ে ‘শিগগির’ চুক্তি হবে।

বিভিন্ন দাতা দেশ ও সংস্থার অনুদান নিয়ে বিশ্ব ব্যাংকের ট্রাস্ট ফান্ড পরিচালিত হয়।

বাংলাদেশের মোট বৈদেশিক সহায়তার ৩২ শতাংশই বিশ্ব ব্যাংক সরবরাহ করে।

সংস্থাটির স্বাস্থ্য বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক টিমোথি গ্র্যান্ট ইভান্স বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রয়োজনের তুলনায় বিনিয়োগ অনেক কম। আগামী ২০৩০ সালের মধ্যে এ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি যথাসময়ে মূল্যায়নের ব্যবস্থা রাখতে হবে।”

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও টেকসই উন্নয়নের জন্য সরকারি বরাদ্দের পরিমাণ আরও বাড়ানোর পাশাপাশি মূল্যায়নভিত্তিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান।