তেজগাঁওয়ে বস্তিতে আগুন
রাজধানীর তেজগাঁও রেলওয়ে কলোনির পাশে বস্তিতে আগুনে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে।
রোববার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।
নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টার দিকে বস্তিতে রাসেল ক্লাবের পাশে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।
কেরসিনের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
পরে পুলিশের এই কর্মকর্তা জানান, আগুনে ১২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্ধ্যা পৌনে ৭টার দিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
