চাঁদপুরের ১২৭ মুক্তিযোদ্ধার ভাতা কেন স্থগিত: হাই কোর্ট
চাঁদপুরের পাঁচ উপজেলার ১২৭ জন মুক্তিযোদ্ধার ভাতা স্থগিত করা কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
চূড়ান্ত গেজেটে নাম না থাকায় কারণ দেখিয়ে ভাতা স্থগিতের প্রেক্ষিতে করা চারটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল দেয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালকসহ চার বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. তৌফিক ইনাম টিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
পরে তৌফিক ইনাম টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাঁদপুরের পাঁচ উপজেলার সাময়িক সনদপ্রাপ্ত ১২৭ মুক্তিযোদ্ধা দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা হিসেবে সরকারঘোষিত মাসিক সম্মানী ভাতা পেয়ে আসছিলেন।
“তবে কোনো কারণ না দেখিয়ে গত জুলাই মাসে তাদের ভাতা স্থগিত করা হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হয়, চূড়ান্ত গেজেটে নাম না থাকায় ভাতা স্থগিত করা হয়েছে।”
এ প্রেক্ষাপটে ভাতা স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ১২৭ জনের নাম চূড়ান্তভাবে গেজেটভুক্ত করার নির্দেশনা চেয়ে ২১ জানুয়ারি এই রিট আবেদনগুলো করা হয় বলে জানান টিপু।
