স্মরণীয় থাকবেন আলতাফ মাহমুদ: প্রধানমন্ত্রী
সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনে তার ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি আলতাফ মাহমুদ। তার বয়স হয়েছিল ৬২ বছর।
দৈনিক ডেস্টিনির নির্বাহী সম্পাদক আলতাফ সাংবাদিকতায় আসেন গত শতকের সত্তরের দশকে।
এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “গত সাড়ে তিন দশক আলতাফ মাহমুদ সাংবাদিকতা জগতে নিজের কর্ম ও প্রতিভা দিয়ে সকলের আস্থা ও বিশ্বাস অর্জন করেছিলেন। পেশাগত অধিকার আদায়ের আন্দোলনে তিনি ছিলেন আপোষহীন ও অগ্রগামী সাংবাদিক নেতা।
“৭৫’ এর আগস্ট ট্রাজেডির পর সামরিক জান্তারা এদেশে জাতির পিতার নাম নেওয়ার ক্ষেত্রে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। তখন সাপ্তাহিক খবর ও দৈনিক খবর পত্রিকায় বঙ্গবন্ধুর কথা তুলে ধরে তিনি অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।”
আলতাফ মাহমুদ দীর্ঘদিন সাপ্তাহিক খবরের প্রধান প্রতিবেদক ছিলেন।
বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগের বড় বড় সমাবেশের সংবাদ সংগ্রহ করেছেন তিনি। বিভিন্ন টেলিভিশনের টকশোতেও তাকে দেখা গেছে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে।
অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক ছিলেন আলতাফ মাহমুদ। ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে) পাঁচবার সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।
শেখ হাসিনা বলেন, “তাঁর এ অকাল চলে যাওয়ায় সাংবাদিকতা জগতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হবার নয়।
“দেশ-জাতি তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে। কর্মের মাঝেই তিনি বেঁচে থাকবেন।”
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
