নির্বাচনে সব দল থেকে ৩৩ ভাগ নারী প্রার্থী করার দাবি
জাতীয় ও স্থানীয় সব ধরনের নির্বাচনে প্রতিটি দল থেকে প্রার্থী মনোনয়নে ৩৩ শতাংশ নারীদের করার দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
এছাড়া জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সরাসরি নির্বাচনসহ ১৯ দফা দাবি জানিয়েছেন মহিলা পরিষদের নেতারা।
শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন সংগঠনের আন্দোলন কমিটির সম্পাদক কাজী সুফিয়া আখতার। কেন্দ্রীয় সভাপতি আয়শা খানমও এ সময় উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নিয়ে বিকৃত, অসম্মানজনক, বিভ্রান্তি সৃষ্টিকারী বক্তব্য দেওয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান মহিলা পরিষদের নেতারা।
তাদের অন্য দাবিগুলোর মধ্যে ধর্মাশ্রয়ী রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করা, চলমান যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লংঘনের ঘটনায় জবাবদিহি নিশ্চিত ও শাস্তির আওতায় আনা।
বিচার বিভাগের স্বাধীনতা আরও সুনিশ্চিত করা, পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নে যথযথ পদক্ষেপ গ্রহণ, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালন, অপরাধীকে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার দাবি তোলেন মহিলা পরিষদের নেতারা।
ধর্ষণকারীকে চিহ্নিত করে সামাজিকভাবে প্রত্যাখ্যান, নারী নির্যাতন প্রতিরোধে ঐক্য এবং রাজনৈতিক দল ও শক্তিকে সহিংস, সন্ত্রাসী কর্মসূচি থেকে বিরত থাকারও আহ্বান জানান তারা।
লিখিত বক্তব্যে কাজী সুফিয়া আখতার বলেন, “বাংলাদেশ মহিলা পরিষদে সংরক্ষিত ১৪টি জাতীয় পত্রিকার সংরক্ষিত তথ্যের ভিত্তিতে ২০১৫ সালে ধর্ষণ ৮০৮, গণধর্ষণের ঘটনা ১৯৯, ধর্ষণের পরে হত্যা ৮৫, যৌতুকের কারণে হত্যা ২০৩, নারী ও শিশু পাচার ৪৩- এভাবে ৪ হাজার ৪৩৬টি নির্যাতনের ঘটনা ঘটেছে আমাদের হিসাবে।
“যে কোনো বিবেকবান মানুষ ২০১৫ সালকে মানবাধিকার লংঘনের, কিশোর-কিশোরী নির্যাতনের, নারী ধর্ষণ, নারী নিয়াতনের চিত্রে উদ্বিগ্ন না হয়ে পারে না। নারী নির্যাতনের এই চিত্র অগ্রসর, ইতিবাচক বাংলাদেশের চিত্রের সাথে কোন মতেই যায় না।”
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, “প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের অনুপস্থিতি, গণতান্ত্রিক সংস্কৃতির অভাব সামগ্রিক পরিস্থিতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। হত্যা, গুম, ক্রমবর্ধমান ভয়াবহ নারী নির্যাতন, মানবাধিকার লঙ্ঘনসহ নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
“একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নাগরিক সমাজ এবং মানবাধিকার কর্মী এবং ভিন্ন মতবাদের মানুষের জন্য যে ধরনের পরিসর থাকা প্রয়োজন তা ক্রমশ সংকুচিত হচ্ছে।
“যার ফলশ্রুতিতে অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ধর্মীয় মৌলবাদী, জঙ্গিগোষ্ঠীর জন্য এক ধরনের সুযোগ তৈরি হয়েছে। রাজনৈতিক দলসমূহের আশ্রয়-প্রশ্রয় পেয়ে এই গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠেছে।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদের সহ-সভাপতি রেখা চৌধুরী, যুগ্ম সম্পাদক সীমা মোসলেমসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
