আজিমপুর কবরস্থানে আ. লীগ নেতা আজিজের দাফন
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত এম এ আজিজকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাকে দাফন করা হয়।
দাফনের সময় মরহুমের আত্মীয় স্বজন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ এবং সংসদ সদস্য হাজি সেলিমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত থেকে তাকে শেষ বিদায় জানান।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে এবং সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতা এম এ আজিজের নামাজের জানাজা হয়।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জানাজার নামাজ শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের নেতা প্রয়াত এম এ আজিজের কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজার আগে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "আজিজ ভাইয়ের মৃত্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।"
প্রয়াত এম এ আজিজের স্মৃতিচারণ করে জনপ্রশাসনমন্ত্রী আশরাফ বলেন, "আজিজ ভাই প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ ছিলেন। ছোট সময় থেকে আমরা হোসাইনী দালানে আজিজ ভায়ের বাসায় ভাড়া থাকতাম, ওনার বাসায় আমি বড় হয়েছি।
"দীর্ঘদিন উনাকে আমি সামনে থেকে দেখিছি, উনার মতো ভালো মানুষ আর হয় না।"
সৈয়দ আশরাফের শ্রদ্ধা নিবেদনের পর মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রয়াত এম এ আজিজের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এছাড়া প্রথম জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন এবং সাংসদ সাবের হোসেন চৌধুরীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
