রামপুরায় যুবককে গুলি করে হত্যা
রাজধানীর রামপুরায় এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহত বাশাই শিকদার (২৬) স্যানিটারির কাজের পাশাপাশি ‘সাইট ঠিকাদারি’ করতেন।
‘চাঁদা না দেওয়ায়’ একদল সন্ত্রাসী শুক্রবার রাতে রামপুরার পাগলানগর এলাকায় তার ওপর হামলা করে বলে তার এক ঘনিষ্ঠজন জানিয়েছেন।
তবে পুলিশ বলছে, নিহত বাশাই ওই এলাকার একটি সন্ত্রাসী দলের সদস্য। তার ওপর হামলায় জড়িত অভিযোগে প্রতিপক্ষের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাশাইকে আহত অবস্থায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন রাসেল নামে স্থানীয় এক যুবক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাশাই পূর্ব রামপুরার মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা।
“নূর মোহাম্মদ ওরফে নূরা নামে এলাকার একজন অনেক আগে থেকেই তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় সন্ধ্যা ৭টার দিকে তারা এই হামলা চালায়। তারা প্রথমে বাশাইকে ধারাল অস্ত্র দিয়ে কোপায় এবং পরে গুলি করে।”
ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে বাশাইয়ের মৃত্যু হয়।
বাশাইয়ের ওপর হামলার পর স্থানীয়রা নূরাকে পিটিয়ে পুলিশে দেয় বলে রাসেল জানান।
এ বিষয়ে রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিপৈার ডটকমকে বলেন, “মালয়েশিয়ায় পালিয়ে থাকা সন্ত্রাসী স্বপনের অনুসারী এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সন্ত্রাসী শাহজাদার অনুসারীদের মধ্যে ওই এলাকায় দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে।
“এলাকার আধিপত্য নিয়ে এই দুই গ্রুপের সদস্যরা প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়ে। নিহত বাশাই শাহজাদা গ্রুপের সদস্য। অন্যদিকে তাকে হত্যার গ্রেপ্তার নূরা স্বপন গ্রুপের সদস্য।”
এ হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
