২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু, গৃহকর্মীর ঝুলন্ত লাশ

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন। রামপুরায় এক বাসা থেকে উদ্ধার করা হয়েছে গৃহকর্মীর ঝুলন্ত লাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 10:50 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

নিহতরা হলেন- আলম মিয়া (২৭) ও তানিয়া আক্তার (১৪)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাশ জানান, শুক্রবার সন্ধ্যায় আলমকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষাণ করেন।

তিনি জানান, আলম ভবনটির ছাদ ঢালাইয়ের সময় হঠাৎ পড়ে গুরুতর আহত হন; তার মরদেহ মর্গে রয়েছে।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, দুপুরে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডের জাহাঙ্গীর নামের এক লোকের বাসা থেকে তানিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরে।

“তানিয়া সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে।”

ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই আমির।