ঘেরাও কর্মসূচিতে উসকানি ছাড়াই হামলা করেছে পুলিশ: ইমরান
গণজাগরণ মঞ্চের পাকিস্তান হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের 'ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে' নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে অভিযোগ করে এতে জড়িতদের বিচার দাবি করেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।
শুক্রবার বিকালে রাজধানীর শাহবাগে এক গণসমাবেশে তিনি বলেন, "পাকিস্তান হাইকমিশন শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে উসকানি ছাড়াই হামলা চালিয়েছে পুলিশ। এ হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছি।"
পাকিস্তান হাই কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ গণসমাবেশ আয়োজন করে গণজাগরণ মঞ্চ।
বুধবার বিকালে ঢাকায় পাকিস্তান হাই কমিশন ঘেরাও করতে গিয়ে রাজধানীর গুলশান ২ নম্বর এলাকায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় মঞ্চের কর্মীদের, সেখান থেকে মঞ্চের দুই কর্মীকে আটকও করে পুলিশ।
একাত্তরে বাংলাদেশে গণহত্যার দায় অস্বীকার করাসহ সম্প্রতি কয়েকটি বিষয়ে পাকিস্তানের 'অযাচিত হস্তক্ষেপে' কূটনৈতিক বাদানুবাদের পর দেশটির সঙ্গে সম্পর্কচ্ছেদের আহ্বান জানায় জাগরণ মঞ্চসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
সরকার সম্পর্কচ্ছেদে অগ্রসর না হওয়ায় পাকিস্তানের হাই কমিশন ঘেরাওয়ের ওই কর্মসূচি দিয়েছিল মঞ্চ।
পাকিস্তান হাইকমিশন থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে দাবি করে আবারও দেশটির সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্কচ্ছেদের আহ্বান জানান যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা জাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান।
তিনি বলেন, "সেখান থেকে (পাকিস্তান হাই কমিশন) জাল নোট ছাপানো হচ্ছে, জঙ্গিবাদীদের অর্থায়ন করা হচ্ছে।”
“পাকিস্তান এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না। এদেশে চালিয়ে যাওয়া তাদের গণহত্যার দায় স্বীকার করছে না। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের জন্য কোনো সুবিধাজনক বিষয় নয়।”
গণজাগরণের এই মুখপাত্র আরও বলেন, “আমরা টানা বহুবার কর্মসূচি পালন করার পর সরকার পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সেদেশের দূতাবাস ঘেরাও করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করেছে।
"যখন কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে এভাবে আক্রমণ করা হয়, তখন বুঝতে হবে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে।”
ইমরান বলেন, “যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পরপরই গণহত্যার দায় অস্বীকার করে পাকিস্তান বিবৃতি দিচ্ছে। সরকারের উচিত, পাকিস্তানের এসব অপচেষ্টাকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া"।
পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাই এসব অপচেষ্টা প্রতিহতের একমাত্র সমাধান বলে মন্তব্য করেন জাগরণ মঞ্চের এই মুখপাত্র।
