২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক বাজারে শীত কই!

মাঘের শুরুতে একদিনের বৃষ্টি শীত বাড়ালেও গরম কাপড় বিক্রি তেমন বাড়েনি; বাজারে ‘মন্দা’ চলছে জানিয়ে আশানুরূপ লাভ না পাওয়ার হতাশার কথা জানিয়েছেন দোকানিরা।

মাসুম বিল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 07:14 PM

Updated : 11 Oct 2022, 07:39 PM

শুক্রবার রাজধানীর বিভিন্ন বিপণি বিতান ও বাজার ঘুরে শীতের পোশাকের দোকানে ক্রেতার ভিড় দেখা যায়নি খুব একটা।

শীতই তো নেই, গরম কাপড় দিয়ে কী হবে?- এমন কথাও শোনা গেছে ক্রেতা-বিক্রেতার মুখে।

নিউ মার্কেটের ব্যবসায়ী মনির হোসেন গতবার ২০০ কটি বিক্রি করলেও এবার দোকানে একশ’র বেশি তোলার সাহস করেননি।

তার দোকানে শার্ট, প্যান্ট আর টি-শার্টের পাশাপাশি শীতের কাপড়ের মধ্যে জ্যাকেট ও কটি দেখা গেল।

ভারত থেকে আমদানি করা জ্যাকেট তিনি বিক্রি করছেন ৫০০ থেকে আড়াই হাজার টাকার মধ্যে; আর প্রতিটি কটির এক দাম- এক হাজার ২০০ টাকা।

মার্কেটের তৃতীয় তলায় গুগল ফ্যাশনের ব্যবস্থাপক মনির বলেন, ১০০টি কটির মধ্যে এখন পর্যন্ত মাত্র ৭০টি বিক্রি হয়েছে। গতবার জানুয়ারি পর্যন্ত প্রায় আড়াইশ বিক্রি হয়েছিল।

“সাধারণত নভেম্বরের শেষে ও ডিসেম্বরে শীতের কাপড় বেশি বিক্রি হয়। শীত কম থাকায় এবার তেমন বিক্রি হয়নি। এখন শীত একটু বাড়লেও সময় তো শেষ”, বলেন মনির।

মার্কেটের ওই জায়গায় কথা হয় বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আকরাম হোসেনের সঙ্গে।

এবার শীত কম থাকায় আগের গরম কাপড় দিয়েই এ পর্যন্ত পার করে দিয়েছেন। তবে হঠাৎ করে শীত কিছুটা বাড়ায় নতুন কাপড় কিনতে এসেছেন বলে জানালেন তিনি।

শাহবাগের আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলার ‘কাপড়-ই বাংলা’ নামের এক দোকানে পাওয়া যায় শীতের শাল, মাফলার, লেডিস জ্যাকেট আর কোটি।

দোকানের ব্যবস্থাপক রুকসানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতবারও বিক্রি কম ছিল। এবার তার চেয়েও কম। এক কথায় বলতে গেলে বিক্রি একেবারেই নেই।”

শীত উপলক্ষে এবার দোকানে ‘শীত উৎসব’ ঘোষণা করলেও বিক্রিতে আশানুরূপ সাড়া না পাওয়ার কথায় বলেন তিনি।

মানভেদে প্রতি শাল ৫৫০ থেকে ১২৯০ টাকা, প্রতিটি মাফলার ১৩০ থেকে ৩৮০ টাকা, মেয়েদের জ্যাকেট ৮৫০ থেকে ১৩৫০ টাকা এবং মেয়েদের কোটি ৬০০ থেকে ১০০০ টাকায় বিক্রি করার কথা জানালেন রুকসানা।

“খাদি কাপড়ে নিজেদের কারখানায় হাতের কাজ আর প্রিন্ট ও ব্লক করা বিশেষ শালও আমাদের এখানে পাওয়া যাচ্ছে।”

ঢাকা কলেজের উল্টো পাশের নূরজাহান মার্কেটে মেয়েদের পোশাকের দোকান আল নূর ফ্যাশন। সেখানেও বিক্রিতে মন্দার কথা জানান বিক্রেতা মোহাম্মদ রিয়াজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শীততো সময় মতো পড়ে নাই। এখনতো শীত চলেই গেছে। দোকানে অনেক শীতের কাপড় তুললেও তেমন বিক্রি করতে পারিনি। এখন টুকটাক সাধারণ কাপড়ই বিক্রি করছি।”

রিয়াজ জানান, মেয়েদের পোশাকের মধ্যে প্যান্ট, শার্ট, টপস, কোট, লেগিংস ও প্লাজো বিক্রি করেন তারা। মানভেদে লেডিস কোটের দাম ১২০০ থেকে ১৬০০ টাকা, প্যান্ট ৩০০ থেকে ৬০০ টাকা, শার্ট ২৫০ থেকে ৩৫০ টাকা, টপস ২৫০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত।

বাণিজ্য মেলায় ‘বড় রকমের ছাড়ের’ কারণে শীত বাড়লেও মার্কেটগুলোতে বিক্রির পরিমাণ ও মানুষের সংখ্যা কম বলে মনে করছেন এই ব্যবসায়ী।

নিউ মার্কেট ও বঙ্গবাজার এলাকায় ফুটপাতের দোকানগুলো তুলনামূলকভাবে চাঙ্গা বলে মনে হলো বিক্রেতাদের কথায়। ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা দর হেঁকে নানা ধরনের শীতের পোশাক বিক্রি করছেন এই বিক্রেতারা। 

ঢাকা কলেজের উল্টো পাশের ‘গ্লোব শপিং সেন্টারে’ পোশাকের বিভিন্ন দোকানে শার্ট-প্যান্টের পাশাপাশি বিক্রি হয় গরম কাপড়।

নিচতলার আনিকা ফ্যাশনসের ব্যবস্থাপক মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শীত মৌসুমে দোকানে নানা ধরনের স্যুয়েটার, জ্যাকেট ‍ও হুডি তুললেও বিক্রি তেমন নেই।

“এবার একদমই বিক্রি করতে পারি নাই। শীততো একটু বাড়ছে, দেখি বিক্রি বাড়ে কি-না,” বলেন তিনি।

মাজহার জানান, মানভেদে জ্যাকেট ৬০০ থেকে ২৫০০ টাকা, হাফ হাতা স্যুয়েটার ২৫০ থেকে ৩০০ টাকা, ফুলহাতা স্যুয়েটার ৩০০ থেকে ৭০০ টাকা এবং হুডি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি করছেন তারা।

বিক্রি কম হওয়ার কথা জানিয়ে এই মার্কেটের দোকানি মোহাম্মদ সোহেল বলেন, “এতোদিন একেবারেই বিক্রি হয়নি। এখনতো মানুষ দেখে দেখে চলে যাচ্ছে। আর এমন দাম বলতেছে, কেনার টাকাই উঠবে না।”