২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকে গেল বেইলি রোডের সেই বিদ্যালয়টি

রাজধানী বেইলি রোডে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের ভেতর থাকা সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সেখানেই থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2016, 01:30 AM

Updated : 20 Aug 2022, 11:40 AM

আপিল বিভাগের চূড়ান্ত রায়ের কথা জানিয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে রায় দিয়েছে আপিল বিভাগ। ফলে বিদ্যালয়টি যেখানে আছে, সেখানেই থাকবে।”

প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বুধবার এই রায় দেয়।

২০০২ সালে প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের এক চিঠির পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়টি অন্য ওয়ার্ডের সঙ্গে একীভূত করার আদেশ বাতিল করে। এ নিয়ে ওই বছর বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের পক্ষে রিট আবেদন করা হয়।

২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি হাই কোর্ট বিদ্যালয়টি অন্যত্র স্থানান্তরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অস্বীকৃতি জানিয়ে দেওয়া দুটি চিঠি অবৈধ ঘোষণা করে।

এরপর অ্যাসোসিয়েশনের ভেতরে থাকা বিদ্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। ফলে ওই বছরের  অগাস্টে অনুষ্ঠিত দ্বিতীয় সাময়িক পরীক্ষা শিক্ষার্থীরা ফুটপাতে বসে দেয়।

Image
ভেঙে দেওয়ার পর ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

ভেঙে দেওয়ার পর ছাত্র ইউনিয়নের প্রতিবাদ

বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিবাদের মধ্যে হাই কোর্টের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ২০১৪ সালের ১৩ অগাস্ট আপিল বিভাগে আবেদন নিয়ে যায়, এর পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়।

শুনানির পর ২০১৪ সালের ৩০ অক্টোবর আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন মঞ্জুর করে হাই কোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে। ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অ্যাসোসিয়েশনের ভেতরে অবস্থিত বিদ্যালয়টি আগের জায়গায় থেকেই কার্যক্রম পরিচালনায় বাধা কাটে।

এরপর রাষ্ট্রপক্ষ আপিল করে, যার ওপর শুনানি শেষে বুধবার রায় দেয় আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে মুরাদ রেজার সঙ্গে ছিলেন সহকারী অ্যার্টনি জেনারেল শেখ সাইফুজ্জামান। গার্ল গাইডসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

মুনসুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গার্ল গাইডস এই রায় রিভিউয়ে আবেদনের চিন্তা-ভাবনা করছে।

শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা সম্পর্কে শিক্ষা অফিসার (রমনা, ঢাকা) মমতাজ বেগম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভেঙে ফেলার পর একচালা টিনশেডের নিচে নাজুক অবস্থায় এখন বিদ্যালয়টিতে পাঠদান চলছে।

বর্তমানে ৬৭ জন শিক্ষার্থী আছে বিদ্যালয়টিতে। এর অধিকাংশই নিম্ন আয়ের পরিবার থেকে আসা বলে জানান শিক্ষা কর্মকর্তা মমতাজ।

পুরনো খবর:

‘স্কুল দখলের’ প্রতিবাদ ছাত্র ইউনিয়নের
বেইলি রোডের সেই স্কুলটি আবার হচ্ছে