বিইউপি’র নাম পাল্টাতে বললেন রাষ্ট্রপতি
সশস্ত্র বাহিনী পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর নাম পাল্টানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে অবস্থিত বিইউপির তৃতীয় সমাবর্তনে তিনি বলেন, “বাইরে থেকে মনে হয় যারা প্রফেশনালসরা আছেন, তারাই পড়াশুনা করেন। কিন্তু বাস্তবে তো তা নয়। বাংলাদেশের সাধারণ ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করছেন। সুতরাং আমি মনে এই নামটা পরিবর্তন হওয়া দরকার।”
রাষ্ট্রপতির এই বক্তব্যের সময় সমাবর্তনে উপস্থিত সবাই হাততালি ও হর্ষধ্বনি দিয়ে ওঠেন।
বিইউপির নাম ‘ইউনিভার্সিটি অব একসিলেন্স বাংলাদেশ’ করার প্রস্তাবও দেন আবদুল হামিদ।
অনুষ্ঠানে উপস্থিত সেনা প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে আরও ‘চিন্ত-ভাবনা’ করার আহ্বান জানান সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ।
লিখিত বক্তব্য পড়ার মাঝেই রাষ্ট্রপতি নাম পরিবর্তনের এ প্রস্তাব দেন।
২০০৮ সালের ৫ জুন দেশের ৩০তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস। ৫টি অনুষদে ২৩ বিভাগের মাধ্যমে শিক্ষাদান করছে বিইউপি। এছাড়া তিন বাহিনীর ৫৫টি ইন্সটিটিউট এর অধিভুক্ত।
“জাতি গঠন ও উন্নয়নের প্রধান হাতিয়ার শিক্ষা। শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং বুদ্ধিবৃত্তির উন্নয়ন, অসাম্প্রদায়িক জীবনবোধ, সর্বোপরি গভীর দেশপ্রেম জাগ্রত করার একমাত্র উপায় হচ্ছে মানসম্মত শিক্ষা। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে এ বিষয়টি মাথায় রেখে শিক্ষাদানের কাজে আত্মনিয়োগ করতে হবে।”
রাষ্ট্রপতি বলেন, “শিক্ষার সাথে আনন্দের সংযোগ ঘটাতে হবে। মানবপ্রেম, মনুষ্যত্ব, সংস্কৃতি, ঐতিহ্য, জ্ঞান-প্রযুক্তি নির্ভর কৌশলকে শিক্ষার সাথে সম্মিলন ঘটাতে হবে। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, নোট মুখস্ত করে পাস করার শিক্ষা নয়, আলোকিত মানুষ হবার শিক্ষা চাই, সৃজনশীল ব্যক্তিত্ব গড়ার শিক্ষা চাই। যা কিছু সংকীর্ণ, শিক্ষা আমাদের শেখাবে তা পরিহার করতে। মানুষে মানুষে সম্মিলন ঘটানোর শিক্ষাই আমরা চাই।”
আন্তর্জাতিক শ্রম বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ বলেন, “বিশ্বায়নের এ যুগে টিকে থাকার জন্য নিজেদের আরও যোগ্য করে তৈরি করার গুরুত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। তাই জ্ঞান-বিজ্ঞানের সকল ক্ষেত্রে বিশ্ব প্রতিদ্বন্দ্বিতা মোকাবেলায় আমাদের শিক্ষার্থীদের পেশাভিত্তিক প্রচলিত ও অপ্রচলিত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক শ্রম বাজারের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম পরিকল্পনা করতে হবে। চাহিদাভিত্তিক ও কর্মনির্ভর শিক্ষা এ যুগে একান্তভাবে প্রয়োজন।”
শিক্ষকদের নিজেদের গবেষণায় নিয়োজিত রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।
“জীবনে সাফল্যের জন্য পেশাগত জ্ঞান ও দক্ষতার বিকল্প নেই। শিক্ষা দানও একটি মহান পেশা। এ পেশার উন্নয়নে জ্ঞান-দক্ষতার প্রয়োজন সর্বাগ্রে। একজন শিক্ষককে তার পেশাগত উন্নয়নের স্বার্থে প্রতিনিয়ত নব নব জ্ঞান ও কৌশলের সন্ধান করতে হয়। পাঠদানকে শতভাগ সফল করতে নতুন নতুন প্রযুক্তি ও আধুনিক জ্ঞান গবেষণার সন্ধানে নিরলস প্রচেষ্টায় নিজেকে নিবৃত রাখতে হয়। শিক্ষকের পেশাগত মূল্যবোধ, আত্মপ্রত্যয় ও বোধগম্যতার সমন্বয় ঘটিয়ে শ্রেণী পাঠদান স্বার্থক করতে হয়।”
সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্তদের দেশের প্রতি দায়িত্ব স্মরণ করিয়ে দিয়ে আবদুল হামিদ বলেন, “তোমাদের মনে রাখতে হবে আজকের এই সমাবর্তন একদিকে যেমন তোমাদের অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, তেমনি দায়িত্বও অর্পণ করছে। সে দায়িত্ব নিজের পরিবারের প্রতি, সমাজের প্রতি, সর্বোপরি দেশ ও জাতির প্রতি। মনে রাখবে, এ দেশ ও সমাজ আজ তোমাদের এ পর্যায়ে নিয়ে এসেছে। তাদের কাছে তোমরা ঋণী। তোমরা তোমাদের অর্জিত জ্ঞান, মেধা ও মনন দিয়ে দেশমাতৃকার কল্যাণ করতে পারলে সে ঋণ কিছুটা শোধ হবে। তোমরা দেশকে জানবে, জানবে দেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যকে।”
সমাবর্তনে মোট ১ হাজার ২৮৯ জনকে ডিগ্রি দেওয়া হয়। শিক্ষা জীবনে কৃতিত্বের সাফল্যের স্বরূপ ১৩ জনকে স্বর্ণপদক দেওয়া হয়।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক, বিইউপির উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, তিন বাহিনীর প্রধানসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
