২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সিলেটে, দুপুরে জনসভা

কয়েকটি প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও মদন মোহন কলেজের হীরক জয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রিয়াজুল বাশার

সিলেট থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 12:48 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হেলিকপ্টারে করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর প্রথমেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করতে যান।

দুপুরে রিকাবিবাজারে মদন মহন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে কলেজের ‘হীরক জয়ন্তী’ উৎসবে যোগ দেবেন তিনি।

দুপুরে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে দলীয় সভানেত্রী শেখ হাসিনার।

জনসভা শুরুর আগে বেলা আড়াইটায় আলীয়া মাদ্রাসা মাঠেই বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচনের আনুষ্ঠানিকতা সারবেন প্রধানমন্ত্রী। 

এই অনুষ্ঠানে ফলক উন্মোচন করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইসিটি ভবন, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স, জৈন্তাপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন, এপিবিএন ব্যারাক ভবন, ওসমানীনগর থানা ভবন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য নির্মিত হোস্টেল ভবন, ৩০ শয্যাবিশিষ্ট খাদিমপাড়া হাসপাতাল, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালে রূপান্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

এছাড়া সিলেট আউটার স্টেডিয়াম, খসরুপুর বাজার জিসি-পৈলনপুর-বালাগঞ্জ জিসি সড়ক উন্নয়ন, হরিপুর জিসি-গাছবাড়ী জিসি সড়ক (কানাইঘাট অংশ) উন্নয়ন, মৈয়াখালী বাজার-আর অ্যান্ড সুইচ (বারোহাল ইউপি অফিস) ভায়া হাটুবিল মাদ্রাসা সড়ক উন্নয়ন, নারী পুলিশ ডরমেটরি ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজ, শাহপরাণ থানা ভবন নির্মাণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় ও জেলা অফিস নির্মাণ, সিলেট বিভাগীয় ও জেলা এনএসআই কার্যালয় ভবন নির্মাণ, তামাবিল স্থলবন্দর নির্মাণ, হযরত গাজী বোরহান উদ্দিন মাজার, তিন তলা ভিত্তি বিশিষ্ট মসজিদ, মহিলা এবাদতখানা ও সংযোগ সড়ক নির্মাণ কাজ, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেট বিভাগ এবং সিভিল সার্জন সিলেট এর কার্যালয় ভবন নির্মাণ ও সিলেট ইলেকট্রনিক সিটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রীর এই সফর ঘিরে পুরো সিলেট নগরীকে সাজানো হয়েছে মনোরম সাজে।

নগরীর বিভিন্ন সড়কে সংস্কার কাজ হয়েছে। বিভিন্ন এলাকার সড়কদ্বীপে হয়েছে সৌন্দর্যবর্ধন। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লাগানো হয়েছে শোভাবর্ধনকারী ফুল গাছ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রহমত উল্লাহ বলেন, “প্রধানমন্ত্রীর সিলেট সফরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সফরকে ঘিরে সিলেটজুড়ে নেওয়া হয় ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা।”

এর আগে ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেট ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ও সুধী সমাবেশে যোগ দিতে সিলেট এসেছিলেন প্রধানমন্ত্রী।