২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউকের অভিযোগ নিয়ে গণশুনানি করছে দুদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এর সেবা নিতে গিয়ে হয়রানির শিকার নাগরিকদের অভিযোগ নিয়ে গণশুনানি করছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 06:33 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় কমিশন কার্যালয়ে এই গণশুনানি সংক্রান্ত প্রচারাভিযান উদ্বোধন করেন দুদক কমিশনার নাসিরউদ্দিন আহমদ।

তিনি বলেন, “দেশব্যাপী দুর্নীতি প্রতিরোধ অভিযানের অংশ হিসেবেই দুদক গণশুনানি কার্যক্রম পরিচালনা করছে। কাউকে ধরপাকড় করা নয়, জনগণ নাগরিক সনদ অনুযায়ী সেবা পাচ্ছে কি না, তা যাচাই করা এবং আলাপ আলোচনার মাধ্যমে মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করাই গণশুনানির উদ্দেশ্য।”

আগামী ২৭ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে এই গণশুনানি হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

ঢাকায় এ নিয়ে দ্বিতীয়বারের মতো গণশুনানী করছে কমিশন। গত বছর ১০ ডিসেম্বর ভূমি অফিসের সেবা নিয়ে গণশুনানির আয়োজন করা হয়েছিল।

এর আগে ময়মনসিংহ, সাভার ও কক্সবাজারের চকরিয়ায় গণশুনানি হয়েছিল।

প্রচারাভিযান উদ্বোধন অনুষ্ঠানে দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল, মহাপরিচালক জিয়াউদ্দিন আহমেদ ও মো. শামসুল আরেফিন উপস্থিত ছিলেন।