২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে ১৩টি সোনার বারসহ চার যাত্রী আটক

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার যাত্রীকে আটক করেছে পুলিশ, যাদের মধ্যে দুজনের দেহ তল্লাশি করে ১৩টি সোনার বার পাওয়া গেছে। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2016, 04:03 PM

Updated : 20 Aug 2022, 11:38 AM

ঢাকা কস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান জানান, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ইস্তম্বুল থেকে চট্টগ্রাম হয়ে বুধবার দুপুরে ঢাকায় আসে। ওই ফ্লাইটে চট্টগ্রাম থেকে আসা এক নারীর দেহ তল্লাশি করে কোমরের কাছে কৌশলে লুকানো এক ডজন সোনার বার পাওয়া যায়।

ওই নারী দাবি করেন, ওই ফ্লাইটের আরেক যাত্রী তাকে বারগুলো রাখতে দিয়েছেন।  

এরপর সেই ব্যক্তিকে তল্লাশি করে আরেকটি সোনার বার পান কাস্টমস কর্মকর্তারা।

জব্দ করা সবগুলো সোনার বারের ওজন আড়াই কেজি বলে শহীদুজ্জামান জানান।

তিনি বলেন, ওই নারী ও তার স্বামীসহ মোট চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের নাম তিনি প্রকাশ করেননি।