অর্পিত সম্পত্তি: ‘খ’ তফসিলে আবেদনের সময় বাড়ল
অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিলভুক্ত দাবিদারদের জমির কাজগপত্র নিজের নামে করাতে আবেদনের সময় তিন মাস বাড়ানো হয়েছে।
ভূমি মন্ত্রণালয় সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘খ’ তফসিলভুক্ত ভূমির দাবিদাররা আগামী ৩১ মার্চ পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে আবেদন জমা দিতে পারবেন।
এই আবেদনের জন্য এর আগে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়েছিল মন্ত্রণালয়।
সরকার দুটি ‘ক্যাটাগরিতে’ অর্পিত সম্পত্তির তালিকা করেছে, যার মধ্যে ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি সরকারের দখলে রয়েছে বা ইজারা দেওয়া হয়েছে। আর ‘খ’ তালিকার সম্পত্তি সরকারের দখলে বা ইজারায় নেই।
প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির তালিকা থেকে ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি বাদ দিয়ে ২০১৩ সালের ৮ অক্টোবর জাতীয় সংসদে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) আইন পাস করা হয়।
১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করা হয়। সরকারি হিসেবে বাংলাদেশে অর্পিত সম্পত্তির পরিমাণ ছয় লাখ ৬০ হাজার একর।
এদিকে মাঠ পর্যায়ের ‘এক শ্রেণির দুর্নীতিগ্রস্ত ভূমি কর্মকর্তার’ অসাধু তৎপরতার কারণে প্রত্যর্পণ প্রক্রিয়া জটিল থেকে জটিলতর হচ্ছে বলে অভিযোগ করেছে ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন বাস্তবায়ন জাতীয় নাগরিক সমন্বয় সেল’।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত বলেন, “খ তফসিল বাতিল হওয়ায় ভেবেছি ভোগান্তি কমবে। কিন্তু স্বার্থান্বেষী মহলের কারণে তা জটিল থেকে জটিলতর হচ্ছে।”
তিনি বলেন, অর্পিত সম্পত্তি নিয়ে মামলায় আপিল ট্রাইব্যুনালে সরকার হেরে গেলে সম্পত্তি প্রত্যর্পণে গড়িমসি করা হচ্ছে। এর ফলে সম্পত্তি পেতে ভুক্তভোগীদের অনেক সময় লাগছে।
ফরিদপুর, নারায়ণগঞ্জ, পাবনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রত্যর্পণ নিয়ে হয়রানির অভিযোগ আসছে বলে জানান রাণা দাশগুপ্ত।
অন্যদের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
