২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘খ’ তফসিল বাদ দিয়ে অর্পিত সম্পত্তি বিল পাস

প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির তালিকা থেকে ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তি বাদ দিয়ে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল-২০১৩ সংসদে পাস হয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2013, 10:50 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

মঙ্গলবার জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। এটি কণ্ঠভোটে পাস হয়।

গত ১৯ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করেন ভূমিমন্ত্রী। তখন বিলটি পরীক্ষা করে সংসদে রিপোর্ট দেয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

অর্পিত সম্পত্তির জন্য আবেদন করার সময়সীমা বাড়িয়ে গত ২২ জুলাই এ সংক্রান্ত অধ্যাদেশে অনুমোদন দেয় মন্ত্রিসভা।সংবিধানের ৯৩ (২) অনুচ্ছেদে অধ্যাদেশ জারির পর জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে।

অর্পিত সম্পত্তির জন্য আবেদন করার শেষ সময় ছিল ৩০ জুন। যারা আবেদন করতে পারেননি তাদের জন্য আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়াতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়। ২১ অগাস্ট অধ্যাদেশটি জারি করেন রাষ্ট্রপতি।

সংসদে উত্থাপিত বিলে ‘খ’ তফসিল বাতিল করার বিধান ছিল না।

সংসদীয় কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ‘খ’ তফসিল বাতিল করার পরামর্শ দেন। এছাড়া বিভিন্ন ‘ভুক্তভোগী’রা সংসদীয় কমিটির কাছেও তফসিলটি বাতিলের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে ‘খ’ তফসিল বাদ যাচ্ছে।

বিলে বলা হয়েছে, ‘খ’ তফসিলটি এমনভাবে বাতিল হবে যেন, ওই তফসিভুক্ত সম্পত্তি কখনোই অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়নি। 

সংশোধিত আইনে প্রত্যেক জেলার জন্য অর্পিত সম্পত্তি ট্রাইবুনাল এবং প্রয়োজনে একাধিক ট্রাইবুনাল গঠন করা যাবে।

দুটি ‘ক্যাটাগরিতে’ অর্পিত সম্পত্তির তালিকা করা হয়েছে। এর মধ্যে ‘ক’ তালিকাভুক্ত সম্পত্তি সরকারের দখলে রয়েছে বা ইজারা দেয়া হয়েছে। আর ‘খ’ তালিকার সম্পত্তি সরকারের দখলে বা ইজারায় নেই। সরকারি হিসাবে দেশে অর্পিত সম্পত্তির পরিমাণ ৬ লাখ ৬০ হাজার একর।

১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের প্রেক্ষাপটে ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত যেসব নাগরিক এ দেশ থেকে ভারতে চলে যান, তাদের স্থাবর সম্পত্তি তৎকালীন পাকিস্তান সরকার শত্রু সম্পত্তি হিসেবে চিহ্নিত করে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সালে নাম পরিবর্তন করে অর্পিত সম্পত্তি করা হয়।

বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিল পাস

বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদ গঠন সংক্রান্ত ১৯৭৮ এবং ১৯৮৪ সালের অধ্যাদেশ রহিত করতে ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিল-২০১৩ সংসদে পাস হয়েছে।

মঙ্গলবার বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। পরে এটি কণ্ঠভোটে পাস হয়।