রাষ্ট্রপতির সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম ফরিদ হাবীব এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার।
সদ্য পদোন্নতি পাওয়া এই দুই বাহিনী প্রধান সোমবার বিকালে বঙ্গভবনে যান বলে জনিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি পদোন্নতি পাওয়ায় নৌ-বাহিনী ও বিমান বাহিনী প্রধানকে অভিনন্দন জানান। রাষ্ট্রপতি এ সময় বলেন, এই পদোন্নতির ফলে অন্যান্য দেশের বাহিনীর সঙ্গে বাংলাদেশের নৌ ও বিমানবাহিনীর সামঞ্জস্য এসেছে।”
পদবি উন্নীত করার ফলে দুই বাহিনীর দায়িত্ব বেড়েছে বলেও মনে করিয়ে দেন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আবদুল হামিদ।
প্রেস সচিব বলেন, “পদবি উন্নীত করায় বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে বলেও রাষ্ট্রপতি বলেছেন।”
গত ৭ সপ্টেম্বর মন্ত্রিসভায় অষ্টম বেতন কাঠামো অনুমোদন দিয়ে তিন বাহিনীর প্রধানদের জন্য একই বেতন ও র্যাংক নির্ধারণ করে সশস্ত্র বাহিনীর নতুন বেতন কাঠামো অনুমোদন করা হয়।
রোববার নৌবাহিনী প্রধান ফরিদ হাবিবকে ‘ভাইস এডমিরাল’ থেকে ‘এডমিরাল’ এবং বিমানবাহিনী প্রধান আবু এসরারের পদবি ‘এয়ার মার্শাল’ থেকে ‘এয়ার চিফ মার্শাল’ এ উন্নীত করা হয়।
সাক্ষাতের সময় দুই বাহিনীর প্রধান রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সহযোগিতা চান বলে জানান জয়নাল আবেদীন।
এর আগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্য শেখ মামুন খালেদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন।
প্রেস সচিব বলেন, “সাক্ষাতের সময় বিইউপি উপাচার্য আগামী ২১ জানুয়ারি প্রতিষ্ঠানের ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য ৩য় সমাবর্তন সম্পর্কে এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিতে অবহিত করেন।”
মামুন খালেদ এসময় বিশ্ববিদ্যালয় পরিচালনায় আচার্য আবদুল হামিদের সহযোগিতা কামনা করেন বলেও জানান প্রেস সচিব।
বিভিন্ন কোর্স চালু করা, সময়ের মধ্যে কোর্স শেষ করা এবং মান সম্মত শিক্ষা নিশ্চিত করায় বিইউপি’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি।
