২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহরকে ‘নিজের ঘর’ ভাবুন: মেয়র খোকন

রাজধানীকে ‘নিজের ঘরের মতো’ করে দেখতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2016, 04:26 PM

Updated : 11 Oct 2022, 07:37 PM

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় পরিচ্ছন্নতা কর্মসূচির সূচনা করে মেয়র বলেন, “আমরা যতটা সময় ঘরে থাকি তার চেয়ে বেশি সময় শহরেই ব্যয় করি। এজন্য ঘরের চাইতে আগে দরকার শহরকে পরিচ্ছন্ন রাখা।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

একজন মেয়র ও গুটি কয়েক কর্মচারি শহরকে বাসযোগ্য করতে পারবে না উল্লেখ করে মেয়র এজন্য সবাইকে দায়িত্ব নেওয়ার আহবান জানান।

“শহরটাকে ঘরের মতো করে দেখতে হবে। ঘরের যেভাবে যত্ন নিই, সেভাবে শহরেরও যত্ন নিতে হবে। পরিচ্ছন্ন শহর বানাতে হলে প্রয়োজনে আমাদের সবাইকে মেয়রের ভূমিকা পালন করতে হবে।”

রাস্তাঘাটের পাশাপাশি মানুষের ‘চিন্তা ভাবনাতেও পরিচ্ছন্নতার প্রয়োজন রয়েছে’ বলে মন্তব্য করেন সাঈদ খোকন।

“পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে আমরা অনেক সূচকেই এগিয়ে আছি। অর্থনীতি এগিয়ে যাচ্ছে, আমরাও এগোচ্ছি। কিন্তু আমাদের রাজনীতিতে অসুস্থতা রয়েছে।কিছু লোকের কারণে এই অসুস্থতা বিরাজ করছে। যদিও নোংরা চিন্তা করা সেসব মানুষের সংখ্যা এক শতাংশেরও কম।”

মেয়র এইসব নেতিবাচক চিন্তা-ভাবনা ‘পরিহার করে’ সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন, কলা অনুষদের ডিন অধ্যাপক আখতারুজ্জামান, দক্ষিণ সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এম এ হামিদ।