কবি রফিক আজাদ হাসপাতালে
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে কবি ও মুক্তিযোদ্ধা রফিক আজাদকে।
একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারজয়ী কবি ৭৪ বছর বয়সী রফিক আজাদের বৃহস্পতিবার রাতে ‘ব্রেইন স্ট্রোক’ হয়। তাকে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রফিক আজাদের শ্যালিকার ছেলে দেলোয়ার হাফিজ রোমিও শুক্রবার বিকালে এসব তথ্য জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘ভাত দে হারামজাদা’ কবিতার জন্য বিখ্যাত এই কবি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছেন। তার কিডনি এবং ফুসফুসেও সমস্যা আছে।
রোমিও বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রফিক আজাদের ‘ব্রেইন স্ট্রোক’ হলে তাকে প্রথমে বারডেম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত আড়াইটার দিকে নেওয়া হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাকে আইসিইউতে রাখা হয়।
শুক্রবার বিকাল ৩টার দিকে রফিক আজাদকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানান তিনি।
১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামের এক অভিজাত পরিবারে জন্ম রফিক আজাদের। তিনি ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর করে কর্মজীবন শুরু করেন শিক্ষকতায়।
রফিক আজাদ বাংলা একাডেমি থেকে প্রকাশিত পত্রিকা ‘উত্তরাধিকার’র নির্বাহী সম্পাদক ছিলেন ১৯৭২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত। এরপর কাজ করেছেন বাংলাদেশ জুট মিলস করপোরেশন, উপজাতীয় কালচারাল একাডেমি ও জাতীয় গ্রেন্থকেন্দ্রে।
রফিক আজাদের প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে আছে ‘অসম্ভবের পায়ে (১৯৭৩); সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে (১৯৭৪); নির্বাচিত কবিতা (১৯৭৫); চুনিয়া আমার আর্কেডিয়া (১৯৭৭), নির্বাচিত কবিতা, কবিতা সমগ্র ইত্যাদি।
ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তাকে একুশে পদক দেওয়া হয়।
