মানিক সাহা হত্যার পুনঃতদন্তে আদালতে যাবে মন্ত্রণালয়: ইনু
সাংবাদিক মানিক সাহা হত্যার সুষ্ঠু বিচারে মামলার পুনঃতদন্তের জন্য মন্ত্রণালয় থেকে আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিশিষ্ট সাংবাদিক মানিক সাহা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া থমকে গেছে।
"এই বিচার প্রক্রিয়াকে সচল করতে মামলাটির পুনঃতদন্তের জন্য আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনে আদালতে দরখাস্ত দেব, বিচারকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করব।”
সাংবাদিক মানিক সাহার ১২তম হত্যাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা হয়।
আদালত ও প্রশাসনের কার্যক্রমে ধীরগতি থাকার কারণে সাংবাদিক মানিক সাহা হত্যার বিচার ১২ বছরেও সম্পন্ন হয়নি বলে মন্তব্য করেন জাসদ সভাপতি বলেন, "এ ধরনের ধীর গতি অপরাধীদের রেহাই পাওয়ার পথ তৈরি করে।
প্রশাসনের কার্যক্রমের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস বা আস্থার ঘাটতি রয়েছে বলে স্বীকার করেন তথ্যমন্ত্রী ইনু।
তিনি বলেন, "সরকার একটি পদক্ষেপ নিয়েছে; মুক্তমনা, প্রগতিশীল, স্বাধীনতার চেতনায় বিশ্বাসী ও রাজনৈতিক প্রতিপক্ষকে যারা হত্যার মাধ্যমে দমনের চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। তা সে যেই হোক।"
ইনু বলেন, “খুলনা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক মানিক সাহা হত্যা, উদীচী হামলা, রমনা বটমূলে হামলা, ২১শে অগাস্ট গ্রেনেট হামলা, লেখক ও ব্লগার হত্যা এসব একই সূত্রে গাঁথা। যখন মানিক সাহাকে হত্যা করা হয়, তখন রাজাকার-আলবদরদের সমর্থিত একটি দল ক্ষমতায় ছিল।”
জামায়াত-শিবিরকে জঙ্গি আখ্যায়িত করে তাদের দমনে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তথ্যমন্ত্রী।
১২ বছরেও মানিক সাহার হত্যার বিচার না হওয়ায় বর্তমান সরকারের ওপরও 'ক্ষোভ' প্রকাশ করেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
"তিনি (মানিক সাহা) নিহত হয়েছেন ১২ বছর হলো। এর মধ্যে অর্ধেকটা সময় ক্ষমতায় আছেন বর্তমান সরকার। তাই মানিক দা (মানিক সাহা) হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার না হওয়ায় এই সরকারের উপরও আমাদের কিছুটা ক্ষোভ রয়েছে।”
"সরকারের আরও দশটা কাজ রয়েছে। সেগুলো যেমন করতে হবে, তেমনি এই কাজটিও করতে হবে। ভুলে গেলে চলবে না, কারণ ভুলের খেশারত গোটা জাতিকেই দিতে হয়," বলেন সিপিবি নেতা সেলিম।
সাংবাদিক মানিক সাহা তার 'আদর্শের কারণে' নিহত হয়েছেন মন্তব্য করে এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া তরান্বিত করতে সাংবাদিক নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান সাংবাদিক ও কলামনিস্ট সৈয়দ আবুল মকছুদ।
"যেহেতু রাষ্ট্র তার খুনিদের বিচার করতে ব্যর্থ হয়েছে, সেহেতু সাংবাদিক নেতাদের একত্রিত হয়ে এই হত্যাকাণ্ডের তদন্ত এবং বিচার প্রক্রিয়া তরান্বিত করতে হবে। সেই সঙ্গে বিগত ২০/২৫ বছরে যত সাংবাদিক নিহত হয়েছে, তার তদন্ত করতে হবে। সেই তদন্ত প্রতিবেদন শ্বেতপত্র আকারে প্রকাশ করতে হবে, যাতে দেশবাসী জানতে পারে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”
আলোচনা সভায় পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর, ডিআরইউ এর সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংবাদিক নিখিল ভদ্র, রাহুল রাহাসহ অন্যরা বক্তব্য রাখেন।
