ভারতের জন্য ‘গুরুত্বপূর্ণ’ বাংলাদেশ: শ্রিংলা
ভারতের নতুন হাই কমিশনারের দায়িত্ব নিয়ে ঢাকায় পৌঁছে হর্ষবর্ধন শ্রিংলা দুই দেশের অমীমাংসিত সব প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় এই কূটনীতিক।
তিনি বলেন, “ভারতের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ দেশ। (আমি) দুই দেশের নেতাদের নেওয়া গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে কাজ করতে চাই।”
গত দুই বছর থাইল্যান্ডে ভারতীয় দূতাবাসের দায়িত্বে ছিলেন হর্ষবর্ধন শ্রিংলা। ঢাকায় তিনি পঙ্কজ শরণের স্থলাভিষিক্ত হচ্ছেন।
কূটনীতিক হিসেবে ৩০ বছরের ক্যারিয়ারে প্যারিস, হ্যানয় ও তেল আবিবের ভারতীয় দূতাবাসে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন শ্রিংলা।
ভারতের ফরেন সার্ভিসের 'উদীয়মান তারকা' শ্রিংলা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের সন্তান। এ দেশে আসার আগে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে তিনি ঢাকা-দিল্লি সম্পর্ককে 'নতুন উচ্চতায়' নিয়ে যাওয়ার অঙ্গীকারের কথা বলেন।
শ্রিংলা জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের কাউন্সিলর এবং চীনের হো চি মিন সিটি, ভিয়েতনাম ও দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতের কনসাল জেনারেল ছিলেন।
ব্যাংককে যাওয়ার আগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব হিসেবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার ও মালদ্বীপের বিষয়গুলোর দেখভাল করেছেন তিনি।
দিল্লির সেন্ট স্টিফেনস কলেজের স্নাতক শ্রিংলা যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বহুপক্ষীয় কূটনীতি ও সংঘাত প্রতিরোধ নিয়ে লেখাপড়া করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে ভারতের করপোরেট ও সেবা খাতেও তিনি কাজ করেছেন।
ভারতীয় বিভিন্ন ভাষা ও ইংরেজির পাশাপাশি ফরাসি, ভিয়েতনামি ও নেপালি ভাষাও তিনি বলতে পারেন।
আগামী সপ্তাহের মধ্যেই শ্রিংলা রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
