সিনেমার পাইরেটেড সিডিসহ গ্রেপ্তার ৯
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলা সিনেমার প্রায় তিন হাজার পাইরেটেডে সিডি ও দুটি পিস্তলসহ নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল আলম জানান, মঙ্গলবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে 'ধারণ করা বিভিন্ন অশ্লীল ভিডিও'সহ বাংলা সিনেমার প্রায় ২৫ হাজার সিডি এবং দুইটি পিস্তল উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা মাকসুদ বলেন, সাগর ওরফে জনি চৌকিদার সদ্য মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার মাস্টারকপি সংগ্রহ করে সেখান থেকে গোপনে সিডি ও ডিভিডি কপি করে সারাদেশে ছড়িয়ে দেওয়ার কাজ করে বলে জানতে পারে র্যাব।
“সে একই সঙ্গে ছবির মাস্টার কপি, সিডি প্রস্তুত করা ও বিক্রির প্রক্রিয়ায় সমন্বয়কারীর ভূমিকা পালন করত। পাইরেসি জগতের সঙ্গে সাগর ৩/৪ বছর যাবৎ জড়িত।”
তিনি জানান, পাইরেসির কাজে তাকে সব ধরনের আর্থিক সহায়তা দিত দেশ ইউনানী হারবালের মালিক হাকিম। বড় অংকের টাকার বিনিময়ে সাগর ওরফে জনির থেকে সদ্য মুক্তি পাওয়া ছবি সংগ্রহ করত হাকিম।
এরপর সহযোগী রাজুর মাধ্যমে তার কোম্পানির নাম সেখানে এডিট করা হত; আর জুয়েল, আজিম, বাবু এবং বক্করের মাধ্যমে সিডি আকারে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিত।
এ প্রক্রিয়ায় চক্রটি এক থেকে দুই দিনের ভেতর দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ছবির পাইরেটেড কপি ছড়িয়ে দিত বলে জানান র্যাবের গণমাধ্যম শাখার কর্মকর্তা মাকসুদ।
তিনি বলেন, এছাড়া ইব্রাহীমের মাধ্যমে দেশ ইউনানীর নাম ঢুকিয়ে ছবি মুক্তির আগেই ইউটিউবের মাধ্যমে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হত বলে র্যাব নিশ্চিত হয়েছে।
"এই ‘সংঘবদ্ধ চক্রটি’ ছবি মুক্তির পরপরই চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীসহ অনেকের কাছেই চাঁদা দাবি করত এবং অনেক ক্ষেত্রেই তারা বড় অংকের টাকা আদায় করে সফল হতো বলে তথ্য রয়েছে।"
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
