২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালকুঠি ঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার শ্যামবাজার লালকুঠি ঘাটের উভয় পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডাব্লিউটিএ ও জেলা প্রশাসন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2016, 07:19 PM

Updated : 11 Oct 2022, 07:35 PM

বিআইডাব্লিটিএ’র পরিচালক (ট্রাফিক) মো. শফিকুল হক জানান, বুধবার বিকাল সোয়া ৩টা থেকে সাড়ে ৫ পর্যন্ত এই উচ্ছেদ অভিযানে সদরঘাট টার্মিনালের পূর্ব দিকে প্রায় আধা কিলোমিটার এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ওই এলাকায় সাতটি শেডে প্রায় ৪৮টি দোকান ঘর, সদরঘাট সংলগ্ন সাইকেল মাঠের খাবার হোটেল, সেলুন ও কাপড়ের দোকানও ভেঙে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রসাশনের নির্বাহী হাকিম সারোয়ার আহমেদ সালেহীন।

সকাল ১০টা থেকে অভিযান শুরুর কথা থাকলেও অভিযান শুরু হয় বিকালে। এর কারণ হিসেবে ‘যথেষ্ট ফোর্স’ না থাকার কথা বলেছেন বিআইডাব্লিটিএ’র একজন কর্মকর্তা।

শফিকুল হক বলেন, “২০০৯ সালে আদালতের দেওয়া একটি আদেশের আলোকে এই উচ্ছেদ অভিযান। নদীর জায়গা যারা দখল করে আছে, তাদেরই উচ্ছেদ করা হচ্ছে।”

তিনি জানান, মোট পাঁচ দিন এই অভিযান চলবে। বৃহস্পতিবার সদরঘাট থেকে পশ্চিমপাশের নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

আনোয়ার মিয়া নামে স্থানীয় এক দোকানদার দাবি করেন, ২০০১ সালে বিআইডাব্লিউটিএকে পাঁচ লাখ টাকা দিয়ে তিনি একটি দোকান নিয়েছিলেন, প্রতিমাসে ৮০০ টাকা ভাড়াও দিয়ে আসছিলেন।

অন্য অনেকের মতো আনোয়ারের দোকানও এই অভিযানে ভেঙে দেওয়া হয়েছে। 

অভিযান শুরুর আগে শতাধিক দোকানি ওই এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করলেও বড়ো কোনো গোলযোগ ছাড়াই দিনের মতো উচ্ছেদ শেষ করে কর্তৃপক্ষ।

দোকানিদের অভিযোগ, তাদের পক্ষে আদালতের স্থগিতাদেশ থাকার পরও বিআইডাব্লিউটিএ এই অভিযান চালাচ্ছে।

এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শফিকুল হক বলেন, “কেউ যদি দাবি করে যে বিআইডব্লিউটিএ’র মাধ্যমে দোকান ভাড়া নিয়েছেন, তাহলে তারা কাগজপত্র নিয়ে এলে আমরা খতিয়ে দেখব।”