২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভেজাল প্রসাধন পণ্যের কারখানাকে জরিমানা

বিভিন্ন কোম্পানির নামে ভেজাল প্রসাধন সামগ্রী বিক্রি করায় রাজধানীর চকবাজারে অভিযান চালিয়ে এক প্রসাধনী কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2016, 09:24 PM

Updated : 11 Oct 2022, 07:34 PM

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর নেতৃত্বে ঢাকা জেলা প্রশাসন পরিচালিত এ অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা অংশ নেয়।

মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চকবাজারের দেবীদাস লেনে পরিচালতি এই অভিযানে শাহিন কসমেটিকস কোম্পানিকে ওই তিন লাখ টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন এপিবিএন-৫ এর এএসপি এ এস এম হাফিজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, জরিমানার টাকা আদায়ে ব্যর্থ হলে কোম্পানির মালিক কর্মকর্তাদের তিন মাসের কারাভোগের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

শাহিন কসমেটিকস কোম্পানি বিএসটিআই থেকে গুটি কয়েক পণ্য উৎপাদন ও বাজারজাত করার জন্য অনুমোদন নিয়ে তার আড়ালে পনেরটি আইটেমের বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী তৈরি করত, যা বিভিন্ন স্বনামধন্য প্রসাধন কোম্পানির নাম 'নকল করে' বাজারজাত করে আসছিল।

ওইসব প্রসাধনী তৈরিতে আটা-ময়দা ছাড়াও মার্কারি ও চুনাপাথরের গুড়াসহ বিভিন্ন ধরনের বিষাক্ত, অপরিশোধিত ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপাদান ব্যবহার করা হত বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অভিযানে অংশ নেয়া এপিবিএন-৫ এর সিনিয়র এএসপি মো. আমিরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এএসপি আমিরুল বলেন, “দীর্ঘ আট বছর ধরে বিভিন্ন নামিদামী কসমেটিকস কোম্পানির প্রসাধন সামগ্রী নকল করে ল্যাব টেস্ট এবং পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তারা উৎপাদন ও বাজারজাত করছিল।"

২০০৮ থেকে ২০১০ সালে ওই প্রতিষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালেও তারা ‘অপকর্ম’ বন্ধ করেননি বলে মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা।

এপিবিএন সদস্যরা ওই প্রতিষ্ঠান থেকে ভেজাল ও বিষাক্ত উপাদান দিয়ে তৈরি বিপুল পরিমাণ স্কিন ক্রিম, বেবি ওয়েল, ভ্যাসলিন, মেহেদী, হেয়ার ওয়েল, ফেস ওয়াশ, টোনার, চুলের তৈল ও বিভিন্ন ব্র্যান্ডের নামে তৈরি বিপুল পরিমাণ প্রসাধন সামগ্রী জব্দ করে।

তারা ফেয়ার অ্যান্ড লাভলি নকল করে ফেয়ার অ্যান্ড বিউটি, এলিট রাঙ্গাপরী মেহেদীকে নকল করে রাঙ্গারাণী মেহেদী, মেরিল ভ্যাসলিন ও লিপজেলকে নকল করে মেরিট ভ্যাসলিন নামে বাজারজাত করছিল বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।

অভিযানে বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ খালি মোড়ক জব্দ করা হয় জানিয়ে এপিবিএনের এএসপি আমিরুল বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহীর উপস্থিতিতে জব্দ করা সব বিষাক্ত পণ্য ধ্বংস করা হয়।

এপিবিএন কর্মকর্তা এএসএম হাফিজুর রহমান বলেন, “ওইসব বিষাক্ত প্রসাধনী ব্যবহার করলে চর্মরোগ এবং ক্যান্সারও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিএসটিআই কর্মকর্তারা জানিয়েছেন।”