কুয়াশায় গতি ঘণ্টায় ৫০ কিলোমিটারের বেশি নয়
গত কয়েকদিনে বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনার পর কুয়াশার মধ্যে যানবাহনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটারে বেঁধে দিয়েছে সরকার।
মঙ্গলবার সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন।
ঘন কুয়াশার মধ্যে প্রয়োজনে যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।
সড়কমন্ত্রী বলেন, “বিগত কয়েকদিন বঙ্গবন্ধু সেতুতে কয়েকটি দুর্ঘটনা ঘটেছে কুয়াশা এবং বেপরোয়া চালানোর জন্য। ওই স্থান দুর্ঘটনার জায়গা নয়।”
শীতকালীন যানবাহনের গতি পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।
গত শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে বঙ্গবন্ধু সেতুতে পরপর দুটি দুর্ঘটনায় অনেকগুলি গাড়ির মধ্যে সংঘর্ষে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ নয়জন নিহত হন।
সড়কমন্ত্রী বলেন, চালকদের নিবিড় প্রশিক্ষণ জোরদার করা হবে। মালিক-শ্রমিক নেতারা বিষয়টি দেখবেন।
এছাড়া সভায় চালকদের কাউন্সিলিং করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
গুলিস্তান এলাকার যানজট নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের উপস্থিতিতে একটি সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
জেলা পরিষদগুলোর মালিকানাধীন জমিতে ট্রাক চালকদের জন্য ট্রাক স্ট্যান্ড ও বিশ্রামাগার তৈরির বিষয়ে একটি প্রকল্প প্রস্তাব করা হবে বলেও জানান সড়কমন্ত্রী।
দেশের মানুষ যে পরিবহনে স্বস্তি পাচ্ছে না- তা স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, “সবাই মিলে উদ্যোগ নিলে সফল হব এবং মাস ছয়েকের মধ্যে যানজট সহনীয় পর্যায়ে চলে আসবে বলে মনে করি।”
সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করতে সড়ক পরিবহন আইন আসন্ন শীতকালীন অধিবেশনে উপস্থাপন করার কাজ চলছে বলেও জানান তিনি।
নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান ও ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনসহ সড়ক পরিবহন মালিক-শ্রমিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
