বাবলার প্রতিবাদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত ‘দস্যুর মতো’ এমপির হানা, প্রধান শিক্ষককে মারধর শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা।
শ্যামপুর থানার দোলাইরপাড় স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদ গঠন নিয়ে বিরোধ থেকে সোমবার দুপুরে জাতীয় পার্টির এই সংসদ সদস্য সদলবলে ঢুকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ ওঠে।
এলাকার সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের সানজিদা খানমও বর্তমান সংসদ সদস্যের বিরুদ্ধে একই অভিযোগ তুলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার সময় সবাইকে বিভ্রান্ত করতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল।
তবে বাবলা অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ গঠন নিয়ে প্রশ্ন উঠায় তিনি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন।
তার প্রেস সচিব সুজন দে স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, “দোলাইপাড় উচ্চ বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় কাউন্সিলর এবং স্কুলের দাতা সদস্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন না করেই জাতিয়াতির মাধ্যমে ব্যবস্থাপনা কমিটি গঠনের লিখিত অভিযোগ করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্থানীয় অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে আমি প্রকৃত ঘটনা জানতে আজ স্কুলে যাই।
এতে বলা হয়েছে, “তাদের উপস্থিতিতে, পরিচালনা কমিটির নির্বাচন কবে করেছেন, কীভাবে করেছেন, আমি এমপি ও স্থানীয় কাউন্সিলর, স্কুলের এমপিওভুক্ত শিক্ষক ও অভিবাভকরা জানলো না কেন? এইসব বিষয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করলে তিনি উত্তর না দিয়ে নীরব থাকেন।
“এক পর্যারয়ে কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবুসহ উপস্থিত সাংবাদিকরা নির্বাচনের পক্ষে কাগজপত্র দেখতে চাইলে তিনি বলেন, কাগজপত্র এখানে নাই; এমপি সানজিদা ম্যাডামের কাছে আছে। একথা বলে তিনি চেয়ার থেকে উঠে যেতে চাইলে স্থানীয় পুলিশ সদস্যরা তাকে বসতে বলেন। তিনি বারবার উঠে যেতে চাইলে অভিবাভক ও অন্যান্য শিক্ষকরাও তাকে বসার অনুরোধ করেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মতো ‘সর্বজন নন্দিত’ গণমাধ্যমে কেউ ভুল তথ্য সরবরাহ করেছে বলে এমপি বাবলা মনে করেন বলেও প্রতিবাদ লিপিতে জানানো হয়।
তবে সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনটি করা হয় , যেখানে সাংসদ বাবলার কথাও তুলে ধরা হয়।
জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য বাবলার সঙ্গে ওই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি নজরুল ইসলামও ছিলেন বলে অভিযোগ ওঠে। তিনিও শিক্ষককে মারধরের অভিযোগ অস্বীকার করেন।
প্রধান শিক্ষক আতাউর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “এমপি (বাবলা) দস্যুর মতো দলবল নিয়ে আমার রুমে প্রবেশ করে। এরপর তার উপস্থিতিতে ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম আমার কলার চেপে ধরেন। অন্যরা আমার মাথায়, মুখে, ঘাড়ে কিল-ঘুষি মারতে থাকে।”
সংসদ সদস্য বাবলা মারধর করেছেন কি না- জানতে চাইলে প্রধান শিক্ষক কোনো কথা না বলে নীরব হয়ে যান।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম এমপি বাবলার উপস্থিতে প্রধান শিক্ষককে মারধর করেছেন কিনা- সে বিষয়ে কোনো ব্যাখ্যা নেই প্রতিবাদ লিপিতে।
ঘটনাস্থলে উপস্থিত সহকারী প্রধান শিক্ষক শামীম আরা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “প্রধান শিক্ষকের কলার চেপে ধরেছিলেন স্থানীয় সংসদ আবু হোসেন বাবলা। ওই সময় তার পাশে ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম।
“এই ঘটনাটি দেখা ফেলার পরই আমি দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলে তাদের লোকজন আমাকে আমার অফিসে আটকে রাখে।”
এলাকার সাবেক এমপি সানজিদা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “বাবলা ও তার সমর্থকরা ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে মারধর করে মেরে ফেলার হুমকি দেয়। তারা স্যাবেটাজ করার জন্য জয় বাংলা বলে স্লোগানও দিচ্ছিল।
“ঘটনাটি জানতে পেরে পুলিশ নিয়ে সেখানে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ওই শিক্ষককে মুক্ত করি।”
শ্যামপুর থানার ওসি আবদুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্কুলের ম্যানেজিং কমিটির বিরোধের জের ধরে সামান্য ঝামেলা হয়েছিল। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।”
