২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থ-সামাজিক খাতে সহায়তা করতে চায় সৌদি

বাংলাদেশের বিভিন্ন খাতের উন্নয়নের প্রশংসা করে আর্থ-সামাজিক খাতে সৌদি আরবের সহায়তার আগ্রহ দেখিয়েছেন দেশটির যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 11:41 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আগ্রহ প্রকাশ করেন।

এসময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, জাহাজ নির্মাণ শিল্পসহ দেশের বিভিন্ন খাতে সৌদি আরবের আরও বিনিয়োগ আসতে পারে।

সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

সৌদি যুবরাজের সঙ্গে ইসলামিক উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলি আল মাদানি ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, “দুই দেশের মধ্যে আরও কোন কোন ক্ষেত্রে সহযোগিতা হতে পারে তা আমরা বের করতে পারি।

দুই দেশের মধ্যে পারস্পারিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, এ সম্পর্ক অনেক গভীর।

সাক্ষাতে সিডরে বিধ্বস্ত বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ‘কিং আবদুল্লাহ হিউম্যানিটেরিয়ান অ্যান্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের’ সহায়তার ‘স্কুল কাম সাইক্লোন সেন্টার’ নির্মাণের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন এবং সৌদিতে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ উপস্থিত ছিলেন।