আস্থা রাখুন: হাসিনা
সরকারের দুই বছর পূর্তিতে দেশবাসীকে বর্তমান সরকারের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় শেখ হাসিনা বলেছেন, “জ্বালাও-পোড়াও করে কেউ আমাদের অগ্রযাত্রা থামাতে পারবে না। দেশের মানুষের যেন আস্থা-বিশ্বাস থাকে, এই উন্নয়ন আমরা করতে পারব।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর ১২ জানুয়ারি টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ও তাদের জোট।
কাউকে দেশের নাগরিকদের ভবিষ্যত নিয়ে ‘ছিনিমিনি’ খেলতে দেওয়া হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “জঙ্গিবাদ ও সন্ত্রাসের স্থান হবে না।”
রোববার ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার হাওয়ায় নির্দিষ্ট দিনে আওয়ামী লীগের পক্ষ থেকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হলেও সোমবার হয় এই সমাবেশ।
আখেরি মোনাজাতের অংশ নেওয়ার কথা উল্লেখ তিনি বলেন, “হাত তুলেছিলাম ঠিকই। কিন্তু চিন্তা ছিল … আল্লাহ যেন মানুষকে হেফাজতে রাখে, শান্তিতে রাখে।”
শেখ হাসিনা বলেন, “২০২১ সালের মধ্যে কোনো বাড়ি বিদ্যুৎহীন থাকবে না। প্রতিটি বাড়িতে বিদ্যুতের আগুন জ্বালাব।”
উন্নয়ন কর্মকাণ্ডে কোনো রকম বাধা সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের উন্নয়নের কাজে কেউ দয়া করে বাধা দেবেন না। কী করলে, কীভাবে উন্নয়ন করতে হয়- তা আমার মাথায় আছে।”
এ সময় রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতা করার কথাও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী।
খালেদা জিয়ার দুঃসাহস
৪৫ মিনিটের বক্তৃতার এক পর্যায়ে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে বিতর্কের সূত্রপাত করেছেন তাতে তীব্র ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “ওনার কত বড় দুঃসাহস?”
“শহীদদের নিয়ে কটাক্ষ করে। বলে, এতো মানুষ মারা যায়নি।”
প্রধানমন্ত্রী বলেন, “ওনার (খালেদা জিয়া) পেয়ারে পাকিস্তান যা বলবে, সেটাই সত্য। ৩০ লাখ মানুষ মারা গেল, তা সত্য না।”
সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, “আরও একবার শেখ হাসিনার প্রধানমন্ত্রী হওয়া প্রয়োজন।”
পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে মত প্রকাশ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “বাংলাদেশের পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।”
ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকার উদাহরণ টেনে তিনি বলেন, “এখানে পাকিস্তানের মিশন না থাকলে, এখানে বসে ষড়যন্ত্র করার সুযোগ থাকবে না।”
মুক্তিযুদ্ধে বাঙালি হত্যাকাণ্ডে পাকিস্তানি বাহিনীর সহযোগী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মো. মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরে উষ্মা প্রকাশ করে গত নভেম্বরে ইসলামাবাদ বিবৃতি দেওয়ার পর দুই দেশের সম্পর্কে টানাপড়েনের শুরু।
এরপর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় পাকিস্তানি কূটনীতিক ফারিনা আরশাদকে ঢাকা থেকে প্রত্যাহার করা হয়।
এর প্রতিক্রিয়ায় গত মঙ্গলবার পাকিস্তান বাংলাদেশ হাই কমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমানকে ফেরত নেওয়ার আহ্বান জানায়।
শেখ হাসিনার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও সুরঞ্জিত সেনপুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও মোহাম্মদ নাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, দীপু মনি ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধরণ সম্পাদক হারুন অর রশীদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, কৃষক লীগ সভাপতি মোতাহার হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওছার, যুব মহিলা লীগ সভানেত্রী নাজমা আক্তার, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন এবং ঢাকা সিটির দুই মেয়র সাইদ খোকন ও আনিসুল হক।
মঞ্চে আরও ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, নূহ-উল আলম লেনিন ও সতীশ চন্দ্র রায়, উপদেষ্টা পরিষদ সদস্য হোসেন তৌফিক ইমাম, মশিউর রহমান ও ইউসুফ হোসেন হুমায়ুন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল ও খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক মন্ত্রী আবদুর রাজ্জাক ও ফারুক খান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ, সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, আসলামুল হক আসলাম ও আতিকুর রহমান আতিক।
