রানার বিরুদ্ধে দুদকের মামলায় প্রতিবেদন ফের পেছালো
নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে করা মামলায় দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রতিবেদন দাখিল আবার পিছিয়েছে।
সোমবার দুদকের পক্ষ থেকে ষষ্ঠ বারের মতো সময় চাওয়া হলে ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন প্রতিবেদন দাখিলের জন্য ৬ মার্চ দিন ঠিক করে দেন।
আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে মামলার আসামি সোহেল রানাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গত বছরের ১ এপ্রিল সোহেল রানা কাশিমপুর কারাগারে থাকার সময় দুদক তার সম্পদের হিসাব চেয়ে নোটিস দিলেও রানা সম্পদের বিবরণী দাখিল করেননি; পুনঃদাখিলের জন্য সময়ের আবেদনও করা হয়নি।
এ ঘটনায় গত বছরের ২০ মে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে রমনা থানায় সোহেল রানার বিরুদ্ধে মামলা করেন; মামলাটির তদন্তও করছেন তিনিই।
দুই বছর আগে সাভারে রানার মালিকানাধীন ভবন ধসে পড়ে সহস্রাধিক পোশাক শ্রমিক নিহত হওয়ার পর তার সম্পদ অনুসন্ধানে নামে দুদক।
২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়েছিল সাভার বাসস্ট্যান্ডে নির্মিত নয়তলা ভবন রানা প্লাজা। ওই ভবনে নির্মাণে ত্রুটির অভিযোগের পাশাপাশি নকশাবহির্ভূতভাবে উপরে বাড়ানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
ধসের পর দিনই সোহেল রানার সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ওই বছর ১৫ মে কমিশনের পক্ষ থেকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে চিঠি দেওয়ার উদ্যোগ নেয় কমিশন, তবে আইনি জটিলতার কারণে তখন তা সম্ভব হয়নি।
দুদকের অনুসন্ধানে ধরা পড়েছে, বিভিন্ন ব্যাংকে ২৩টি হিসাবের মাধ্যমে অর্থ লেনদেন করতেন রানা। রানা প্লাজা ছাড়াও সাভারে তার মালিকানায় রয়েছে একটি পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি দোতলা বাড়ি ও দুটি ইটের ভাটা।
