২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তামাক আইন বাস্তবায়নে বাধা দিচ্ছে কোম্পানিগুলো’

তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ৩৩ ভাগ ঘটনায় কোম্পানিগুলো সরাসরি জড়িত বলে এক যৌথ গবেষণায় উঠে এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 05:18 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

আইনটি বাস্তবায়নে সরকারের উদ্যোগের ওপর টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি) ও ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) এর গবেষণার সারসংক্ষেপ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তুলে ধরে।

‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক অনুষ্ঠানে ওই সারসংক্ষেপ তুলে ধরে টিসিআরসির সদস্য সচিব বজলুর রহমান বলেন, “আইন বাস্তবায়নে তামাকজাত পণ্য উৎপাদনকারী কোম্পানিগুলো বিভিন্নভাবে বাধা দিচ্ছে বলে গবেষণায় অংশ নেওয়া দোকানি, সাধারণ মানুষ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের আইন বাস্তবায়ন টাস্কফোর্সের সদস্যরা জানিয়েছেন।

“তারা জানান, তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের ৩৩ ভাগ ঘটনায় কোম্পানিগুলো সরাসরি জড়িত।”

ছোট ছোট দোকানদারদের ‘ভুল ব্যাখ্যা’ দিয়ে আইন লঙ্ঘন করানোর অভিযোগ পাওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, “এমনকি এসব কারণে কোনো দোকানি ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় পড়লে কোম্পানি সেই অর্থ দিচ্ছে। বিজ্ঞাপন প্রচারেও নানান কৌশল নিচ্ছে কোম্পানিগুলো।”

দেশের ছয় বিভাগের ১০ জেলায় পরিচালিত এ গবেষণার প্রতিবেদনে বলা হয়েছে, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের সদস্যদের ১৫ শতাংশেরই আইনটি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান নেই।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ২৫ শতাংশ প্রতিষ্ঠানে এখনও অবাধে ধূমপান করা হয়। আর ১৮ শতাংশ প্রতিষ্ঠানে ধূমপান নিয়ে সতর্কতামূলক নোটিস নেই।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী গবেষণা কেন্দ্র টিসিআরসি মূলত এই গবেষণা পরিচালন করে।

অনুষ্ঠানে জানানো হয়, দুটি ভাগে ভাগ করে গবেষণা কার্যক্রমটি পরিচালনা করা হয়। একভাগে নির্দিষ্ট জেলাগুলোর টাস্কফোর্স সদস্যদের রাখা হয়; অন্যভাগে সাধারণ জনগণ ও পেশাজীবীদের মধ্যে জরিপ চালানো হয়। এ সময় প্রত্যেকের কাছ থেকে একান্ত সাক্ষাৎকার নেওয়া হয়।

যেসব প্রতিষ্ঠানে গবেষণা পরিচালনা করা হয়, তার ৬৪ শতাংশ সরকারি ও ৩৫ শতাংশ বেসরকারি।

টাস্কফোর্স কমিটির সদস্যদের অভিমত বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে যেসব ইতিবাচক পরিবর্তন আনা হয়, সে সম্পর্কে সদস্যদের জানার পরিধি বেড়েছে। তবে আইনের বিভিন্ন ধারার পরিবর্তন সম্পর্কে জানার তারতম্য রয়েছে।

এর মধ্যে ২২ শতাংশ তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী অন্তর্ভুক্তি সম্পর্কে জানেন; বাকি ৭৮ শতাংশই জানেন না।

১৮ বছরের কম বয়সীদের কাছে সিগারেট বিক্রির নিষেধাজ্ঞা সম্পর্কে জানেন ২৩ শতাংশ সদস্য; বাকিরা জানেন না।

অনুষ্ঠানে সিগারেটের প্যাকেটের গায়ে ছবিসহ সতর্কবাণী রাখা এবং বিক্রয় কেন্দ্রে বিজ্ঞাপন প্রচার বন্ধে মত দেওয়া হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, এনএটিএবির সিনিয়র সহ-সভাপতি মোজাফফর হোসেন পল্টু, পরিবেশ বাঁচাও আন্দোলনের আবু নাসের খান ও এডিসি ঢাকা মো. জসিমউদ্দিন উপস্থিত ছিলেন।