২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ মাহবুব মোরশেদের ১০৫তম জন্মবার্ষিকী সোমবার

বাংলাদেশের স্বাধীকার আন্দোলনের কর্মী ও সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 01:57 AM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সোমবার সকালে বনানী কবরস্থানে মাহবুব মোরশেদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে।

তার আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও কোরানখানির আয়োজন করা হয়েছে বলে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে এতে বলা হয়েছে।

১৯১১ সালের ১১ জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্ম নেন মাহবুব মোরশেদ। দেশভাগের আগ পর্যন্ত পূর্ব ও পশ্চিমবঙ্গ মিলিয়ে পড়াশোনা করেন তিনি। ১৯৩৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করার পর ১৯৩৯ সালে ইংল্যান্ডের লিঙ্কন’স ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি নেন।

কলকাতা হাই কোর্টে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করলেও দেশভাগের পর ১৯৫০ সালে ঢাকায় চলে আসেন মাহবুব মোরশেদ। ১৯৫২ এর ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেন।

১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও তৎকালীন ২১ দফা কর্মসূচি প্রণয়নে তার ভূমিকা ছিল বলে মাহবুব মোরশেদ স্মৃতি সংসদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

১৯৫৫ সালে ঢাকা হাই কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ওই বছরই হাই কোর্টের বিচারক নিযুক্ত হন তিনি। ১৯৬৪ সালে প্রধান বিচারপতির দায়িত্ব পান।

ছয়দফা আন্দোলনসহ বাঙালির স্বাধীকার আন্দোলনে অংশগ্রহণ করতে ১৯৬৭ সালে তিনি চাকরি থেকে ইস্তফা দেন। ১৯৬৮ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান কৌসুলি টম উইলিয়ামস এর উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি।

১৯৬৯ সালের ৩ এপ্রিল মারা যান মাহবুব মোরশেদ।