২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিকারুননিসার সপ্তম শ্রেণির ছাত্রী অপহরণ, গ্রেপ্তার ২

ভিকারুননিসা নূন স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 08:22 PM

Updated : 20 Aug 2022, 11:32 AM

শনিবার ভোররাতে গাজীপুরের শ্রীপুরের এক বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ভাটারা থানার ওসি নুরুল মুক্তাকিন জানিয়েছেন।

এরা হলেন- মো. জাহাঙ্গীর ও মো.ইয়াসিন।

নুরুল মুক্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই দুজনকে গ্রেপ্তারের পর অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

ভাটারা থানার এসআই মো. আব্দুল ওয়ারেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা ক্যাম্পাসের ওই ছাত্রী গত ৪ জানুয়ারি কোচিং সেন্টারে যাওয়ার কথা বলে কুড়িল এলাকার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়।

ওই দিনই মেয়েটির বাবা তার সন্ধান চেয়ে ভাটারা থানায় সাধারণ ডায়েরি করেন।

ওয়ারেশ বলেন, “ওই ছাত্রী দাবি করেছে, জাহাঙ্গীরের সঙ্গে তার বিয়ে হয়েছে।”

বিয়ের বিষয়ে তারা কোনো তথ্যপ্রমাণ তারা দিতে পারেনি বলে জানিয়েছেন ওসি নুরুল।

“পুলিশ অপহরণের কারণ তদন্ত করে দেখবে।”

ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে রাখা হয়েছে বলে জানান তিনি।