২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

স্বাধীনতা অর্জনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2016, 10:39 AM

Updated : 11 Oct 2022, 07:33 PM

পুরনো খবর:

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস রোববার

নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের পর পাকিস্তানে বন্দিদশা থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফেরেন বঙ্গবন্ধু। দিনটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের কারণে দিবসটিতে আওয়ামী লীগের সমাবেশ কর্মসূচি পালন করা হবে একদিন পরে ১১ জানুয়ারি, সোহরাওয়ার্দী উদ্যানে। 

রোববার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

সকাল ৭টায় সরকার প্রধান হিসাবে ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে দলীয় নেতাদের নিয়ে ফুল দেন।

এ সময় তার সঙ্গে ছিলেন- দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, এইচ টি ইমাম, ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাহারা খাতুন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আশরাফুল সাংবাদিকদের বলেন, “স্বাধীনতার এত বছর পরেও রাজাকাররা বাংলাদেশে বহাল তবিয়তে আছে। তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। এই রাজাকাররা বাংলাদেশের গণতান্ত্রিক সরকার ব্যবস্থা ধ্বংস করার ষড়যন্ত্র করে যাচ্ছে।”

মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের এই সন্তান বলেন, “আমরা ৭১ এ পাকিস্তানিদের পরাজিত করেছি। আমরা কখনও পরাজিত হই নাই। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে থাকবে; তা পাকিস্তানিরা কখনও ভাবতে পারেনি। ৪০ বছর ধরে ষড়যন্ত্র করে তারা পারে নাই। এখনও পারবে না।”

আমির হোসেন আমু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করেন।

“যে দিন থেকে যুদ্ধাপরাধীদের আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, সেদিন থেকে মূলত তিনি আন্দোলন শুরু করেছিলেন। তার আন্দোলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে যুদ্ধাপরাধীদের মুক্ত করা এবং যেটা পাকিস্তানিরা চায়, এই দেশকে আবার সেই খাতে প্রবাহিত করতে।”

বাংলাদেশ থেকে সম্প্রতি পাকিস্তানের এক কূটনীতিককে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশে জঙ্গিদের পৃষ্ঠপোষকতার অভিযোগ উঠেছিল।

এ প্রসঙ্গে মন্ত্রী আমু বলেন, “এটা খুবই স্বাভাবিক। একাত্তরে পাকিস্তানের দোসর হিসাবে সেদিন যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা এখনও তা মেনে নিতে পারেনি। বাংলাদেশের বিরুদ্ধে কূটনৈতিক চক্রান্ত থেকে শুরু করে সব ধরনের চক্রান্ত চলছে।”

“শেখ হাসিনাকে ১৯ বার প্রাণনাশের চেষ্টা হয়েছে। বাংলাদেশকে নেতৃত্বশূন্য করার জন্য বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। সে চেষ্টা এখনও চলছে।”

“কেউ আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ করেছে। কেউ এজেন্ট হিসাবে যুদ্ধ করেছে,” বলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আমু।