২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবি আদায়ে নতুন কর্মসূচি বাংলাদেশ শিক্ষক সমিতির

শর্তহীনভাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় পে-স্কেল কার্যকর ও শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2016, 05:00 PM

Updated : 12 Apr 2022, 01:11 AM

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শনিবার সমিতির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি আদায়ে আগামী ১২ থেকে ১৪ জানুয়ারি কালো ব্যাজ ধারণ, ১৬ জানুয়ারি কর্মবিরতি এবং ১৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ শেষে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হবে।

১৮ জানুয়ারি সব জেলা-উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচিও ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।

লিখিত বক্তব্যে সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, বেসরকারি শিক্ষকদের অবহেলা মানেই শিক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা।

“তাই ২০ ডিসেম্বরের প্রজ্ঞাপন বাতিলসহ শর্তহীনভাবে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অষ্টম জাতীয় পে-স্কল কার্যকর ও শিক্ষানীতি ২০১০ বাস্তবায়ের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি জানাচ্ছি।”

তিনি বলেন, ১৮ জানুয়ারির মধ্যে দাবি মানা না হলে সারা দেশের হতাশ ও বিক্ষুদ্ধ শিক্ষক-কর্মচারীদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সহ-সভাপতি রঞ্জিত কুমার সাহা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণের স্বপ্ন দেখছেন শিক্ষকদের অবহেলা করে তা বাস্তবায়ন করা সম্ভব না।

আরেক সহ-সভাপতি বজলুর রহমান মিয়া বলেন, ৯০ দশকে এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা অনুদান হিসেবে দেওয়া হতো। আন্দোলনের পরে অনুদান শব্দটি বাতিল হয়েছিল।

তবে গত ২০ ডিসেম্বর জারিকৃত প্রজ্ঞাপনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাকে অনুদান-সহায়তা হিসেবে দেখানো হয়েছে। এর মাধ্যমে শিক্ষকদের অপমান করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম  ও শিক্ষক অলোক ঘোষ প্রমুখ।