গণমাধ্যমকে দুষলেন ফরহাদ মজহার
প্রায় তিন বছর ধরে কারাবন্দি মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে সোচ্চার না হওয়ায় গণমাধ্যমের সমালোচনা করলেন কলামনিস্ট ফরহাদ মজহার।
দুদকের মামলায় গত অগাস্টে তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুরের মুক্তি না হওয়ায় বিচার বিভাগেরও সমালোচনা করেছেন তিনি।
‘আমার দেশ বন্ধ, মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ১০০০ দিন’ শিরোনামে শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “আমি তিনটি শক্তির কথা বলব যারা মাহমুদুর রহমান ভাইয়ের এই ১০০০ দিন কারাগারে বন্দি থাকার জন্য দায়ী। এক নম্বর হচ্ছে, আমাদের দেশের গণমাধ্যম।
“এদেশের গণমাধ্যম যদি মনে-প্রাণে বিশ্বাস করতো যে, আমাদের বিরোধী চিন্তার সঙ্গে যতই মতবিরোধ থাকুক, যখনই একটা কণ্ঠস্বরকে রুদ্ধ করি, এই ক্ষতি আজকে হোক, কালকে হোক আমাদের ওপর এসে পড়ে। দেশের গণমাধ্যমের এখনকার যে ভূমিকা এটা দেখে বুঝতে পারেন যে, সমস্ত দোষ শুধু শেখ হাসিনার ওপর চাপালে চলবে না।”
বিচার বিভাগের সমালোচনা করে তিনি বলেন, “বিচার বিভাগ আমাদের নাগরিক ও মানবিক অধিকার কখনো রক্ষা করেনি। এমনকি এই আদালত অবমাননার দায়ে ড. জাফরুল্লাহ চৌধুরীসহ সভার অনেককে বিভিন্ন সময়ে হেনস্তা করেছেন, যার কোনো নীতিগত ভিত্তি যেমন নেই, তার কোনো আইনি ভিত্তিও নেই।”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ, রাষ্ট্রদ্রোহ ও ধর্মীয় উসকানির অভিযোগে ২০১৩ সালের এপ্রিলে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার হন মাহমুদুর রহমান। তখন থেকেই কারাগারে আছেন তিনি।
সম্পদের বিবরণী দাখিল না করায় দুদকের একটি মামলায় গত বছর ১৩ অগাস্ট তাকে তিন বছরের কারাদণ্ড দেয় আদালত।
মাহমুদুরের অন্যতম আইনজীবী বেলাল হোসেন জসিম সম্প্রতি জানান, আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকের বিরুদ্ধে ৬৪টি মামলা রয়েছে, যার মধ্যে উচ্চ আদালতে ৪৯টির মতো মামলার বিচারকাজ স্থগিত রয়েছে।
