২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইথিওপিয়া ও মরক্কোয় নতুন রাষ্ট্রদূত

আফ্রিকার দেশ ইথিওপিয়ায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনিরুল ইসলাম, যিনি বর্তমানে মরক্কোয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 08:08 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

আর যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের কনসাল জেনারেলকে পদোন্নতি দিয়ে রাষ্ট্রদূত করে মরক্কোয় পাঠাচ্ছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তে কনসাল জেনারেল সুলতানা লায়লা হোসেন মরক্কোয় মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

মনিরুল ইসলাম ও লায়লা হোসেন দুজনেই পেশাদার কূটনৈতিক। মনিরুল বিসিএস পররাষ্ট্র ক্যাডারের দশম ব্যাচের এবং লায়লা ১১তম ব্যাচের কর্মকর্তা।

মরক্কোর রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের আগে মনিরুল নিউ ইয়র্কে কনসাল জেনারেল এবং মাদ্রিদ, বেইজিং, সিঙ্গাপুর ও অটোয়ায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্যাসিফিক উইংয়ের মহাপরিচালক দায়িত্ব পালন করেছেন।

এদিকে লস এঞ্জেলসে কনসাল জেনারেলের দায়িত্ব পালনের আগে লায়লা নয়া দিল্লি ও ইয়াঙ্গুনের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার ও ওয়েলফেয়ার উইংয়ের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।