ঋণ জালিয়াতি: বেসিক ব্যাংকের ৩ কর্মকর্তা গ্রেপ্তার
ঋণ জালিয়াতির একাধিক মামলার আসামি বেসিক ব্যাংকের বরখাস্ত হওয়া তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরা হলেন- ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান ও মো. সেলিম এবং সহকারী মহাব্যবস্থাপক শিপার আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।
প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার তদন্তকাজের অংশ হিসাবে তাদের গ্রেপ্তার করেছে দুদকের একটি টিম।
“এর মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতেও পাঠানো হয়েছে।”
পরে দুদকের পক্ষ থেকে এ তিন কর্মকর্তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়।
ঢাকার মহানগর হাকিম কায়সার-উল ইসলাম রিমান্ড আবেদন শুনানির জন্য রোববার দিন ঠিক করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
