২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাপড়ের রং মিষ্টিতে, বিস্কুটে ঘনচিনি; জরিমানা ৫ লাখ টাকা

কাপড়ে দেওয়া রং দিয়ে মিষ্টি তৈরি ও ঘন চিনি দিয়ে বিস্কুট, কেক তৈরির সময় অভিযান চালিয়ে রাজধানীতে চার প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 06:19 PM

Updated : 11 Oct 2022, 07:32 PM

বৃহস্পতিবার ঢাকার তুরাগ ও উত্তরা এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-৫ ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান চালায়।

এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার এ এস এম হাফিজুর রহমান জানান, অভিযানে তুরাগ এলাকার বিক্রমপুর ও সৌরভ মিষ্টান্ন ভাণ্ডার এবং বিমানবন্দরসংলগ্ন বাউনিয়া এলাকার একতা ও শাহজালাল বেকারিকে মোট পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিক্রমপুর ও সৌরভ মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে দেখা যায়, কাপড়ে দেওয়া রং দিয়ে মিষ্টি বানানো হচ্ছে। লাল, নীল ও বেগুনী এসব রং টেক্সটাইল কালার।

“এছাড়া প্রতিষ্ঠান দুটি বিভিন্ন ধরণের রাসায়নিক পদার্থ ব্যবহার করে ‘খাঁটি বনস্পতি’ নাম দিয়ে বিক্রির জন্য গাওয়া ঘি তৈরি করে আসছিল বলে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।”

হাফিজুর বলেন, একতা ও শাহজালাল বেকারি দীর্ঘদিন ধরে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া নোংরা, অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি করে আসছিল, যেগুলোতে মেয়াদোত্তীর্ণের তারিখ থাকে না।

“দুটি বেকারিতে নিম্নমানের আটা ও ময়দা ব্যবহার ছাড়াও চিনির পরিবর্তে সোডিয়াম সাইক্লমেট বা ঘন চিনি ব্যবহার করা হচ্ছিল। আর এসব দিয়ে বিভিন্ন ধরনের কেক ও বিস্কুট তৈরি করা হতো।”

অভিযানের সময় এসব বেকারির কারখানায় তেলাপোকা, ইঁদুর, ও বিভিন্ন ধরনের পোকামাকড়ও পাওয়া গেছে বলে জানান তিনি।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী বলেন, এই চার প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি তাদের বিপুল পরিমাণ কেক, বিস্কুট ও মিষ্টি ধ্বংস করা হয়।