ইরানে সৌদি দূতাবাসে হামলার নিন্দায় ঢাকা
এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে টানাপড়েনের মধ্যে তেহরানে সৌদি আরবের দূতাবাস এবং মাশাদ কনসুলেটে হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে বলেছে, এ ধরনের হামলা কূটনৈতিক সম্পর্ক নিয়ে ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন।
ওই হামলার ঘটনা নিয়ে ইরানের সঙ্গে সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দুই দিন পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর রিয়াদ সফরের সময় ঢাকার পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হল।
অবশ্য কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সৌদি পদক্ষেপ নিয়ে কোনো মন্তব্য বাংলাদেশ করেনি।
সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অভিযোগে সৌদি আরব বছরের শুরুতেই দেশটির শিয়া নেতা শেখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর শিয়া অধ্যুষিত ইরানে তীব্র প্রতিক্রিয়া হয়।
গত রোববার গভীর রাতে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে তেহরানে সৌদি দূতাবাস ভবনে ঢুকে পড়ে এবং আসবাবপত্র ভাঙচুর করে আগুন দেয়। হামলা হয় মাশাদে সৌদি কনসুলেটেও।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য সৌদি আরবকে ‘খোদার প্রতিশোধের’ মুখে পড়তে হবে।
এরপর সৌদি আরব ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়। বিমান চলাচল বন্ধ করে দেওয়ার কথাও বলা হয়।
সৌদি আরবের এই কূটনৈতিক পদক্ষেপকে সমর্থন দিয়ে বাহরাইন ও সুদানও সম্পর্ক ছিন্ন করেছে ইরানের সঙ্গে। ইরান থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয় সংযুক্ত আরব আমিরাত।
এই পরিস্থিতিতে দুই দেশকেই সংযত হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা তৈরি হলে আইএস এর মতো জঙ্গিরাই এর সুযোগ নেবে।
মধ্যপ্রাচ্যের এই দুই মুসলিম দেশের সঙ্গেই বাংলাদেশের ভ্রাতৃত্বমূলক সম্পর্ক রয়েছে। এর মধ্যে সম্প্রতি সৌদি আরব নেতৃত্বাধীন একটি সামরিক জোটেও বাংলাদেশ যোগ দিয়েছে।
বাংলাদেশের সবচেয়ে বেশি কর্মী কাজ করছে সৌদি আরবে। অন্যদিকে পরমাণু কর্মসূচি নিয়ে বাণিজ্যিক নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ঢাকার সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় উন্নীত করার প্রতিশ্রুতি রয়েছে তেহরানের।
সৌদি-ইরান দ্বন্দ্ব নিয়ে শুরুতে বাংলাদেশ নীরব থাকলেও বুধবারের বিবৃতিতে ইরানের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে ভবিষ্যতে আর এমন হামলার ঘটনা না ঘটে।
“যে দেশে দূতাবাস ও কনসুলার মিশন, সেই দেশের সরকারকেই নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। আন্তর্জাতিক আইনে এই দায়িত্ব এড়ানোর উপায় নেই।”
রিয়াদে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
‘অর্থবহ সহযোগিতার’ মধ্য দিয়ে সন্ত্রাস মোকাবেলায় একযোগে কাজ করতে একমত হয়েছেন বাংলাদেশ ও সৌদি আরবের দুই পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বুধবার রিয়াদে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আবদেল বিন আহমেদ আল-জুবাইয়েরের সঙ্গে বৈঠক করেন।
সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোটে বাংলাদেশের যোগ দেওয়ার পর মাহমুদ আলী এই সফরে গেলেন।
দুজনের আলোচনায় সন্ত্রাস মোকাবেলা ছাড়াও দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
মাহমুদ আলী বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানান।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তিন দিনের সফরে মঙ্গলবার রিয়াদ যান মাহমুদ আলী।
