২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ৮ ‘বিশেষ উদ্যোগ’ প্রচার করবে সরকার

আওয়ামী লীগ সরকারের নেওয়া আটটি কর্মসূচিকে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ হিসেবে প্রচারের ব্যবস্থা করছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2016, 04:13 PM

Updated : 20 Aug 2022, 11:30 AM

তথ্য মন্ত্রণালয়ে বুধবার এক আন্তঃমন্ত্রণালয় সভায় তথ্যসচিব মরতুজা আহমদ এ তথ্য জানান।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়া। সেই লক্ষ্যে তার মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন কর্মসূচি নিয়েছেন। জনমুখী উদ্যোগগুলোর সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে এগুলো প্রচার করা হবে।”

এসব কর্মসূচির মধ্যে পল্লীর দারিদ্র বিমোচনে দক্ষতা ও আয়বর্ধক কর্মসূচি হিসেবে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ এবং ছিন্নমূল, গৃহহীন মানুষদের মাথাগোজার ঠাঁই করে দেওয়ার জন্য ‘আশ্রয়ন প্রকল্প’ শেখ হাসিনার বিশেষ উদ্যোগ বলে জানান সচিব।

এছাড়া ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার পথে সরকারের সব স্তরে ই-গভর্নেন্স বাস্তবায়নে সরকারি উদ্যোগ; বিনামূল্যে বই বিতরণ ও উপবৃত্তি দেওয়ার ‘শিক্ষা সহায়তা কার্যক্রম’ এবং সবক্ষেত্রে নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নে ‘নারীর ক্ষমতায়ন কার্যক্রমসমূহ’ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে।

সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে ‘সবার জন্য বিদ্যুৎ’, স্বাস্থ্যসেবা গ্রামের মানুষের দোড়গোরায় পৌঁছাতে ‘কমিউটনিটি ক্লিনিক ও শিশু বিকাশ’ এবং যুব সমাজকে স্বাবলম্বী করতে ১২৮টি সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রম নেওয়ায় ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচি’ শেখ হাসিনার বিশেষ উদ্যোগের মধ্যে স্থান পেয়েছে।

গত ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক সভায় ওই আট কর্মসূচিকে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ হিসেবে চিহ্নিত করে তা প্রচারের সিদ্ধান্ত হয় বলে তথ্য সচিব জানান।

তিনি বলেন, “দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার ও বিভিন্ন গণমুখী উদ্যোগের মধ্যে এই আটটি ক্ষেত্রকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে।”

বুধবার এই আট প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়-  পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে সভা করেন মরতুজা আহমদ।

সবার মতামত নিয়ে ‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ প্রচারে একটি কর্মপরিকল্পনা তৈরি করা হবে বলে তথ্যসচিব জানান।