‘লড়াই’ অব্যাহত রাখার শপথ
একাত্তরের সকল যুদ্ধাপরাধী এবং ফেরত পাঠানো ১৯৫ জন পাকিস্তানি সেনার বিচার না হওয়া পর্যন্ত ‘লড়াই’ অব্যাহত রাখার শপথ করেছেন মুক্তিযোদ্ধাসহ নানা শ্রেণিপেশার মানুষ।
আপিল বিভাগের চূড়ান্ত রায়ে যুদ্ধাপরাধী জামায়াত আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকার দিন বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণঅবস্থান কর্মসূচিতে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এই এ শপথ পড়ান।
শপথে বলা হয়, “আমরা শপথ করছি, স্বাধীনতাবিরোধী শক্তি- রাজাকার, আল বদর, জামায়াতে ইসলামীসহ যারা অপরাধ করেছিল সেই যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং ১৯৫ জন পাকিস্তানি সেনা, যারা ১৯৭১ সালে বাংলাদেশের ৩০ লাখ মানুষকে হত্যা করেছে, দুই লাখ মা-বোনকে ধর্ষণ করেছে, আমাদের সম্পদ লুট করেছে, অগ্নিসংযোগ করেছে- সেই পাকিস্তানি সৈন্যদের বিচার করতে না পারব; ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।”
‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ ব্যানারে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়, আওয়ামী লীগ নেতা শাজাহান খান যার আহ্বায়ক।
শপথের পর তিনি ৭ থেকে ৯ জানুয়ারি যুদ্ধাপরাধী ও পাকিস্তানি সেনাদের বিচারের দাবিতে গণসংযোগ, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের জাতীয় কর্মসূচিতে সংহতি প্রকাশ, ১৭ জানুয়ারি সংবাদ সম্মেলন, ২০ জানুয়ারি ‘শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের’ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সংহতি প্রকাশ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দেন।
অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জাসদ নেত্রী শিরীন আখতার, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সহসভাপতি ইসমত কাদির গামা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, অভিনেত্রী রোকেয়া প্রাচী এই অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
নিজামীর ফাঁসি বহাল থাকায় কর্মসূচির শুরুতেই আদালত ও আইনজীবীদের ধন্যবাদ জানান শাজাহান খান।
এ কর্মসূচিতে সংহতি জানাতে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিএনপিনেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ৩০ লাখ বললেও এখন ‘পাকিস্তানিদের সঙ্গে গলা মেলাতে’ স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন।
গত ২১ ডিসেম্বর রাজধানীতে এক আলোচনা সভায় অংশ নিয়ে খালেদা জিয়া বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”
ওই বক্তব্যের জন্য বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে।
সর্বোচ্চ আদালতে নিজামীর ফাঁসির দণ্ডাদেশ বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেন একাত্তরে গাজীপুরে প্রথম প্রতিরোধ যুদ্ধের এই সংগঠক।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ বুধবার নিজামীর আপিলের রায়ে ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির দণ্ডাদেশই বহাল রাখে।
একাত্তরে গণহত্যা, সম্পদ লুণ্ঠন ও ধর্ষণকারী দল জামায়াতের এ দেশে রাজনীতি করার অধিকার ‘থাকতে পারে না’ মন্তব্য করে তিনি বলেন, “রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে তারা আঙ্গুল ফুলে কলাগাছ নয়, বটবৃক্ষে পরিণত হয়েছে। তাদের সেই সম্পদ বাজেয়াপ্ত করে মুক্তিকামী মানুষের কল্যাণে ব্যয় করতে হবে।”
পাকিস্তান ‘চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধী’র বিচার না করে ‘চুক্তি ভঙ্গ করেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
অবস্থানে সংহতি প্রকাশ করে সাংবাদিক আবেদ খান বলেন, “মুক্তিযুদ্ধের বাংলাদেশে মুক্তিযুদ্ধের ঘাতক নিজামীর ফাঁসির রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, এখানে যুদ্ধাপরাধীদের ঠাঁই নাই।”
