বিমানবন্দরে ৬ কেজি সোনাসহ আটক ১
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি সোনাসহ একজনকে আটক করেছে শুল্ক বিভাগ।
তার নাম মো. জসিমউদ্দীন (৪০)। তিনি মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম থেকে রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় নেমেছিলেন।
বিমানবন্দরে কর্তব্যরত সহকারী শুল্ক কমিশনার শহীদুজ্জামান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমানবন্দরের ডোমেসটিক এলাকা পার হওয়ার সময় গতিবিধি সন্দেহজনক মনে হলে ওই ব্যক্তিকে তল্লাশি করা হয়। তার শরীর ও জুতার ভেতর থেকে মোট ৫০টি সোনার বার উদ্ধার করা হয়।”
৬০টি সোনার বারের ওজন ছয় কেজি, যার আনুমানিক দাম প্রায় ৩ কোটি টাকা বলে জানান শহীদুজ্জামান।
আটক ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এই শুল্ক কর্মকর্তা।
