২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর ফাঁসির দণ্ড বহালের আশা গণজাগরণের

যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগেও বহাল থাকবে বলে আশা প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2016, 07:13 PM

Updated : 12 Apr 2022, 01:09 AM

মঙ্গলবার এক বিবৃতিতে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধী নিজামীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছিলেন।

“আপিল বিভাগের চূড়ান্ত রায়ে একাত্তরের ঘাতক আলবদর বাহিনীর প্রধান এই যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির রায় বহাল থাকবে বলে প্রত্যাশা করছি।”

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া নিজামীর আপিলের রায় ঘোষণা করা হবে বুধবার।

এরই মধ্যে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চারটি অভিযোগে ফাঁসির দণ্ড দিয়েছে তাকে।

এ ছাড়া আরও চারটি অভিযোগে নিজামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপিল বিভাগে তার মৃত্যুদণ্ড বহাল রাখা হলে দেশ কলঙ্কমুক্ত হবে বলে মনে করেন ইমরান।

তিনি বলেন, “একাত্তরের যুদ্ধাপরাধীরা বিভিন্ন সময়ে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় এসে দেশের জাতীয় পতাকা গাড়িতে ওড়ানোর মতো ধৃষ্টতা প্রদর্শন করেছে। স্বাধীন বাংলাদেশে নানা কূটকৌশলে ক্ষমতার সুযোগে তারা এদেশের ইতিহাসকে মুছে দিতে চেয়েছিল।

“যে দেশের ত্রিশ লাখ মানুষকে এই যুদ্ধাপরাধীরা হত্যা করেছে, সেই দেশের জাতীয় পতাকা এই যুদ্ধাপরাধীদের গাড়িতে উড়েছে, এটি বাংলাদেশের জন্য অত্যন্ত কলঙ্কজনক একটি অধ্যায়।”

কুখ্যাত এই যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান গণজাগরণ মুখপাত্র।

এদিকে নিজামীর আপিলের রায় ঘোষণার দিন বুধবার সকাল ৮টা থেকে শাহবাগে প্রজন্ম চত্বরে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা এসেছে মঞ্চের পক্ষ থেকে।