২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিপুত্র রনির বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল

সাংসদপুত্র বখতিয়ার আলম রনির পক্ষে অব্যাহতি চেয়ে আবেদন করার সময় চাওয়ায় তৃতীয়বারের মতো পিছিয়ে গেছে রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের মামলার অভিযোগ গঠন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 11:55 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

এর আগে কারা কর্তৃপক্ষ ব্যাখ্যা ছাড়াই তাকে আদালতে না পাঠানোয় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে যায়।

সোমবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আলোচিত এ মামলায় অভিযোগ গঠনের তারিখ ছিল।

মামলায় রনির অব্যাহতি চেয়ে আবেদন করার সময় চাওয়ায় বিচারক সামছুন নাহার আগামী ২ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য আবার দিন দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের পেশকার শামীম আহম্মেদ।

রনির পক্ষে সময় চান আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে রনি গত ১৩ এপ্রিল গভীররাতে নিউ ইস্কাটনে মদ্যপ অবস্থায় নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন।

এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৫ এপ্রিল হাকিম এবং ২৩ এপ্রিল ইয়াকুব মারা যান।

ওই ঘটনায় হাকিমের মা মনোয়ারা বেগম ১৫ এপ্রিল রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

মহানগর গোয়েন্দা পুলিশ ২৪ মে মামলাটি তদন্তের দায়িত্ব পাওয়ার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে আটক করে।

এরপর ২১ জুলাই রনিকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার দাস।