২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মীর কাসেমের আপিল তালিকায়

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলটি আপিল বিভাগের মঙ্গলবারের তালিকায় এসেছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 08:26 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

সোমবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে আদেশের জন্য মীর কাসেম আলীর আপিলটি দুই নম্বর ক্রমিকে রয়েছে।

বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

গত ১৮ অগাস্ট মীর কাসেম আলীর আপিলের বিষয়ে রাষ্ট্রপক্ষকে সার-সংক্ষেপ জমা দিতে দুই সপ্তাহ সময় দেয় আপিল বিভাগ।

আইনজীবীরা বলছেন, মঙ্গলবার আপিলটি আদেশের জন্য তালিকায় এসেছে। এখন শুনানির দিন ধার্য হতে পারে বা আদালত যথাযথ আদেশ দিতে পারেন। আপিল শুনানির পূর্বপ্রস্তুতি হিসেবে সার-সংক্ষেপ দাখিল করতে হয়।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জামায়াতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য কাসেম আলীকে মৃত্যুদণ্ড দেয়। ওই রায়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর আপিল করেন তিনি।

দেড়শ পৃষ্ঠার মূল আবেদন ও এক হাজার ৭৫০ পৃষ্ঠার নথিপত্রসহ করা আপিলে মীর কাসেম সাজা বাতিল চেয়ে খালাস চান।

এর আগে গত ২৮ মে আপিল বিভাগ আপিলের সার-সংক্ষেপ দাখিল করতে দুই পক্ষকে সময় বেঁধে দিয়েছিল।

এদিকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিলের ওপর ৬ জানুয়ারি রায় ঘোষণার দিন রয়েছে।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে নিজামীর করা আপিলের ওপর শুনানি শেষে ৮ ডিসেম্বর আপিল বিভাগের একই বেঞ্চ ৬ জানুয়ারি রায়ের দিন ধার্য করে।

২০১০ সালে যুদ্ধাপরাধের বহু প্রতীক্ষিত বিচার শুরুর পর আপিলে আদালতে রায়ের পর্যায়ে থাকা ষষ্ঠ মামলা এটি।

আপিল বিভাগে যুদ্ধাপরাধ মামলায় এর আগে পাঁচটি রায়ের মধ্যে চারটিতে জামায়াতের দুই সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি কার্যকর হয়েছে।

আপিল বিভাগের আরেক রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত না হওয়ায় রিভিউ নিষ্পত্তি হয়নি।

এছাড়া শুনানি চলার মধ্যেই মুক্তিযুদ্ধকালীন জামায়াত আমির গোলাম আযম ও বিএনপির সাবেক মন্ত্রী আবদুল আলীমের মৃত্যু হওয়ায় তাদের আপিলের নিষ্পত্তি হয়ে গেছে।