২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পক্ষপাতিত্বের কারণে পেশাজীবীদের আন্দোলন: সিপিবি

আমলাদের প্রতি ‘পক্ষপাতিত্বের’ কারণে বেতন বৈষম্য নিয়ে শিক্ষকসহ পেশাজীবীরা আন্দোলনে নেমেছে বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2016, 05:20 PM

Updated : 20 Aug 2022, 11:29 AM

Image
(ফাইল ছবি)

(ফাইল ছবি)

সোমবার এক বিবৃতিতে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাফর আহমেদ আন্দোলরত শিক্ষক ও পেশাজীবী সংগঠনগুলোর দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন এক বিবৃতিতে এ কথা বলেন।

বিবৃতিতে অষ্টম জাতীয় বেতন কাঠামো সংশোধন করে ‘বৈষম্য, অসংগতি’ দূর করা এবং শিক্ষক ও পেশাজীবীদের ‘মর্যাদার অবনমন’ দূর করারও দাবি জানানো হয়।

৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিগুলোর ফোরাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বৈঠকে ৭ জানুয়ারি সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দুই ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালনেরও সিদ্ধান্ত নেয়।

দাবি আদায় না হলে ১১ জানুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত রয়েছে সংগঠনের;  রোববার থেকেই কর্মবিরতি শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

অষ্টম বেতন কাঠামো ঘোষণার পর থেকেই গ্রেডে মর্যাদার অবনমন এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিলের প্রতিবাদে আন্দোলন শুরু করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।

এরপর সরকার শিক্ষকদের এই দাবি পর্যালোচনায় কমিটি করে। কমিটির সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শিক্ষকদের নিয়ে বৈঠকও করেন।

গত ৬ ডিসেম্বর বৈঠকে অর্থমন্ত্রী শিক্ষকদের তিনটি দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেও তার ১০ দিন পর বেতন কাঠামোর গেজেটে তার মধ্যে প্রথম দুটির প্রতিফলন ঘটেনি বলে শিক্ষকদের অভিযোগ।

সিপিবির বিবৃতিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয় শিক্ষকরা সিলেকশান গ্রেড ও টাইমস্কেল বহাল এবং বেতন গ্রেডের সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। ইতোমধ্যে দেশের ৩০৬টি সরকারি কলেজের শিক্ষকরা দুই পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে।

“আগামী ১১ জানুয়ারি থেকে প্রতিদিন দুই ঘণ্টার কর্মবিরতিতে প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকসহ ২৬টি ক্যাডার সার্ভিসের সংগঠন একটি- বিসিএস সমবায় কমিটি। সরকারের নিন্ম পদস্থ কর্মচারীদের সংগঠন সমূহও আন্দোলনে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।”