ঢাকা মিশন ফের চালু করেছে মালদ্বীপ
দুই বছর পর ঢাকায় কূটনৈতিক মিশন পুনরায় চালু করেছে মালদ্বীপ; নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহামেদ আসিম।
অর্থনৈতিক সঙ্কটের কারণে ঢাকার দূতাবাসটি ২০১৪ সালে বন্ধ করে দিয়েছিল সার্ক সদস্য ভারত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটি।
মালদ্বীপের নতুন হাই কমিশনার আসিম রোববার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দেখা করেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী দুনিয়া মওমুন গত বছর মালেতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে আলোচনায় ঢাকা মিশন পুনরায় চালুর সিদ্ধান্ত জানিয়েছিলেন।
মালদ্বীপ বিদেশি শ্রমশক্তির উপর নির্ভরশীল, দেশটির শ্রমিকদের ৭০ শতাংশই বাংলাদেশি।
