ক্ষতিকর জালের বিরুদ্ধে অভিযান হবে তিন জেলায়
বেহুন্দি, বাদা বা কারেন্ট জালের মতো ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে উপকূলীয় তিন জেলায় বিশেষ অভিযান শুরু হচ্ছে সোমবার থেকে।
মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক রোববার রাজধানীর মৎস্য ভবনে এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিক পর্যায়ে ৪ থেকে ১৮ জানুয়ারি ভোলা, পটুয়াখালী ও বরগুনার দ্বীপ, চরাঞ্চল ও নদীর মোহনায় এই ‘সম্মিলিত বিশেষ অভিযান’ চলবে।
নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, বিজিবি ও পুলিশ ছাড়াও স্থানীয় প্রশাসন এ অভিযানে অংশ নেবে।
মন্ত্রী বলেন, “উপকূলীয় জলাশয়ে ১০ মিটারের কম গভীরতায় ক্ষতিকর জাল ব্যবহারের কারণে আমাদের মৎস্য সম্পদ দিন দিন কমে যাচ্ছে। সারা দেশে মিঠাপানির জলাশয় এবং সাগরে সর্বোচ্চ জোয়ারে ১০ মিটার গভীরতায় বেহুন্দি জাল, কারেন্ট জাল, মশারি জাল, চটজাল ও টং জালের মতো ক্ষতিকর জাল ব্যবহার নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।”
সংবাদ সম্মেলনে মন্ত্রী দেশের সমুদ্রসীমায় প্রায় ৪শ ৭৫ প্রজাতির মাছ, ৩৬ প্রজাতির চিংড়ি, ৫ প্রজাতির লবস্টার, ১৫ প্রজাতির কাঁকড়া, ৫ প্রজাতির কচ্ছপ ও ১৩ প্রজাতির প্রবালসহ বৈচিত্র্যময় জলজ সম্পদ থাকার কথা জানান।
তিনি বলেন, “যথাযথ সংরক্ষণ, সুষ্ঠু ব্যবস্থাপনা ও স্থায়ীত্বশীল আহরণের ওপর এসব সম্পদের বৃদ্ধি ও উৎপাদন নির্ভর করছে।”
বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের জরিপের বরাত দিয়ে মন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় দুই লাখ জেলে ৫০ হাজার বেহুন্দি জাল ব্যবহার করেন।
উপকূলীয় জলাশয়ে ১০ মিটারের কম গভীরতায় এসব জাল ব্যবহারের কারণে মৎস্য সম্পদ দিন দিন কমে যাচ্ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
বেহুন্দি জালের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে কারেন্ট জাল, মশারি জাল, চটজাল ও টং জালের ব্যবহারও আশঙ্কাজনকহারে বেড়ে গেছে।
অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণীসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সচিব মো, মাকসুদুল হাসান খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
